২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম শিশু বিষয়ক সংবাদ সংস্থা ‘শিশু প্রকাশ’র আত্মপ্রকাশ

বাংলাদেশে শিশুদের উন্নয়ন বিষয়ক সংবাদের মান ও সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সোমবার শিশুদের জন্য ‘শিশু প্রকাশ’ নামে নতুন একটি সংবাদ সংস্থা চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ইউনিসেফের সহায়তায় ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এ পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে শিশুদের উন্নয়ন বিষয়ক প্রতিবেদনের কলা কৌশল শেখানোর মাধ্যমে ১৬ থেকে ১৮ বছর বয়সী ৬৪০ জন কিশোর সাংবাদিককে প্রতিবেদন রচনায় পারদর্শী করে তোলা হবে।

দেশের প্রত্যেক জেলা থেকে পাঁচজন করে মোট ১০ জন ছেলে ও মেয়ে প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ করে তা ঢাকায় এমএমসি’র সম্পাদনা বিভাগে লিখে পাঠাবে। শিশু অধিকার বিষয়ক এমএমসি’র এই সম্পাদনা বিভাগটি সেগুলো সম্পাদনা করে নির্বাচিত ১০টি বাংলা ও ইংরেজী পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করবে।

শিশু অধিকার রক্ষায় কাজ করছে এমন সংবাদপত্র ও সামাজিক সংগঠনের সহায়তায় বাংলাদেশে শিশু কিশোরদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আরও বৃদ্ধি করা হবে এ প্রকল্পের মাধ্যমে।

পাইলট প্রকল্পের অধীনে শিশু প্রকাশ জাতীয় পত্রিকার মাধ্যমে শিশু বিষয়ক নিয়মিত প্রতিবেদন ছাড়াও দুইশ’র বেশি ইস্যু ভিত্তিক প্রতিবেদন এবং শিশু বিষয়ক প্রতিবেদনের ধারার ওপর ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশ করবে। ২০০৫ সালের শেষ পর্যন্ত এ প্রকল্প অব্যাহত থাকবে।

‘শিশু প্রকাশ’ শিশু বিষয়ক এসব প্রতিবেদন রচনায় বিশ্বমানের নীতিমালা প্রয়োগ করবে। দক্ষিণ এশিয়ায় এধরনের উদ্যোগ এটাই প্রথম।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে গণমাধ্যমে শিশুদের অংশগ্রহণ আরও বেড়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আহমেদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান কিরষ্টি ম্যাকাইভর, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েম, চ্যানেল আই’র পরিচালক শাইখ সিরাজ, মানুষের জন্য’র টিমলিডার শাহিন আনাম, নিউ এজ’র নির্বাহী সম্পাদক নুরুল কবির, এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু, ইউনিসেফের সহকারী যোগাযোগ কর্মকর্তা ড. রেজওয়ান-উল-আলম প্রমুখ।