কোম্পানিগঞ্জে নদীভাঙ্গনে দু’হাজার একর ফসলী জমি নদীগর্ভে
জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বামনী নদীর ভাঙ্গনে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। প্রায় সাড়ে তিনহাজার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। ভয়াবহ নদী ভাঙ্গনে প্রায় দু’হাজার একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, গত বছর সেপ্টেম্বর মাসে নদী ভাঙ্গনে বেড়িবাঁধের ১ দশমিক ৫০ কিলোমিটার ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। জোয়ারের লবণাক্ত পানি ঢুকে আবাদী জমির কয়েক হাজার একরের ফসল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানির স্রোতে ভেসে গেছে ছোট বড় ১শ’ ৪০টি চিংড়িঘেরসহ মৎস্য খামারের সাড়ে পাঁচ কোটি টাকার মাছ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অধীনে গত বছর বেডিবাঁধ রক্ষা প্রকল্পে সরকার জরুরি ভিত্তিতে ১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দিলেও সুষ্ঠু তদারকির অভাব এবং সঠিক সময়ে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় শেষ পর্যন্ত বাঁধ রক্ষা সম্ভব হয়নি। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে মুছাপুর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পানির উন্নয়ন বোর্ড ভাঙ্গনরোধে বালি ও সিমেন্টের তৈরি ব্লক ব্যবহার করলেও প্রবল স্রোতের তোড়ে তা ভেসে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।
