মাসুদাকে আত্মহননে বাধ্য করা মামলায় ৪ জনের বিরুদ্ধে সমন
গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী আলেয়া আক্তার মাসুদাকে আত্মহননে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত চার জনের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে।
ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কানিজ আকতার নাসরীন খানম শনিবার এই আদেশ দেন।
দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক থাকার পরও প্রেমিকের বিয়ে করার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে কামরাঙ্গীরচর এলাকার মাসুদা গত বছরের ১০ ডিসেম্বর নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কামরঙ্গীরচর থানা পুলিশ এ ব্যাপারে হত্যা মামলা না নিয়ে ইউডি মামলা গ্রহণ করে।
চলতি বছরের ২৮ এপ্রিল নিহতের মা মোসাম্মাৎ রোকসানা ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মাসুদার প্রেমিক সিরাজ এবং অপর তিনজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ২০০৩ আইনের ৯ (ক) ধারায় মামলা করেন। মামলার বিচারক বাদির জবানবন্দী গ্রহণ করে বিষয়টির উপর ঢাকার মূখ্য মহানগর হাকিমকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। পরে মহানগর হাকিম আবুল ফাত্তার নিহতের মা, বোন ও মামার সাক্ষ্য নিয়ে মামলার ঘটনা সত্য বলে চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নথি পাঠিয়ে দেন।
আগামী ২৫ জুন আসামীদের উপস্থিতির জন্য আদালত এই সমন জারি করে।
