সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রী নিহত হওয়ায় বিক্ষুব্ধ প্রতিবাদ
শনিবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে দ্রুতগামী বাসের চাকায় চাপা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। এসময় একজন মহিলাসহ আরও চারজন আহত হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটি আটক করে এতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আরও কমপক্ষে ছয়টি যানবাহন ভাংচুর করে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্ররাও এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে।
সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রীটির নাম শাম্মী আকতার। শাম্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
আহত অন্যরা হলো : অমিত মল্লিক (২৬), সুমন (৩০), নাসরিন (২৮) ও হ্যাপী (২৮)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাম্মী ও তার বন্ধুরা রিক্সায় চড়ে শাহবাগ মোড় অতিক্রম করার সময় ঘাতক বাসটি তাদের ধাক্কা দেয়। এ সময় বাসটি অন্য একটি মোটর সাইকেলকেও ধাক্কা দেয়। পালিয়ে যাওয়ার সময় জনতা বাসটি আটক করে এতে আগুন লাগিয়ে দেয়। তবে এর চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিক্ষুব্ধ জনতা এ সময় আরও কিছু যানবাহন ভাংচুর করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়ন করা হয়েছে।
অন্যদিকে, মুন্সিগঞ্জ ও রংপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছে।
