বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি এবং বরিশাল জেলা মটর শ্রমিক ইউনিয়নের মধ্যে শুক্রবার কয়েকদফা বৈঠকের পর শ্রমিকরা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ ১০টি রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
শ্রমিক ইউনিয়ন অভিযোগ করেছে, বৃহস্পতিবার পটুয়াখালী বাসস্ট্যান্ডে মালিক সমিতির সহযোগিতায় সন্ত্রাসীরা তাদের হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শ্রমিকরা শুক্রবার সকাল থেকে বরিশালের সাথে বাকেরগঞ্জ, পটুয়াখালী ও বরগুনাসহ ১০টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ডাক দেয়।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি সমস্যা সমাধানের জন্য শুক্রবার সকাল থেকে কয়েকদফা বৈঠকের পর নাটকীয়ভাবে রাত ১২টার দিকে বাস শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে।
এ ব্যাপারে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা জানান, মালিক সমিতি তাদের দাবি রোববারের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছে। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে পুনরায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়া হবে।
মালিক সমিতির সাধারণ সম্পাদক কমিশনার জিয়াউদ্দিন শিকদার শ্রমিকদের দাবি সময়মত পূরণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
