২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন মাধবপুর: আন্ত:দেশীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব এর সফল অভিযান

বৃহস্পতিবার। বিকেল ৫টা। সাইরেন বাজিয়ে র‌্যাবের একাধিক গাড়ি বিভিন্ন পয়েন্ট দিয়ে রাজধানী ত্যাগ করলো। বুঝতে কারো বাকি রইলো না, বড় কোন অপারেশনে যাচ্ছে কালো পোশাকের দলটি। কিন্তু এটি ছিলো অতীতের অন্য যে কোনো অপারেশনের চেয়ে ভিন্নতর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুধুমাত্র দাগী সন্ত্রাসী বা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দমনই নয়, তার চেয়েও বড় ছিলো এই অভিযান। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিযান ছিলো অর্থবহ।

বিভিন্ন গ্রেনেড হামলার ঘটনায় গ্রেনেডের উৎস খুঁজতে গিয়ে গোয়েন্দারা এর সরবরাহের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সংশ্রবের কথা জানতে পারে। সরকার নির্দেশ দেয় সীমান্তের দুর্গম এলাকায় এই উৎসের কোন অবস্থান থাকলে তা যতোই গহীনে হোক গুড়িয়ে দিতে হবে।

ঢাকায় র‌্যাবের ৪টি ব্যাটালিয়নের সদস্যরা অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হয়ে প্রত্যেক দল ৮০ জনে বিভক্ত হয়ে রাজশাহী, শেরপুর, সিলেট ও হবিগঞ্জ অভিমুখে যাত্রা করে। সেখানে আগে থেকেই মোতায়েন ছিলো র‌্যাব এর অন্য ব্যাটালিয়ন এবং বিডিআর সদস্যরা।

বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে অবৈধভাবে প্রবেশ করা ভারতের নিষিদ্ধ দলগুলো বিশেষ করে উলফা, এনএলএফটি’র সদস্য এবং তাদের সাথে সংশ্লিষ্ট দেশীয় পেশাদার খুনী, সন্ত্রাসী, অস্ত্র চোরাচালানীদের নির্মূল করাই ছিলো এই অভিযানের মুল লক্ষ্য, এই তথ্য র‌্যাবের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজকে জানান, আন্ত:দেশীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এটা ছিলো সফল অপারেশন। প্রথম পর্যায়ের এই অভিযানে আমরা সীমান্ত এলাকায় ঘাঁটি স্থাপনকারী সন্ত্রাসীদের নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম হয়েছি। অপারেশনের সময় কমলগঞ্জে কয়েকজন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই অপারেশন চলবে।

উল্লেখ্য গত ১২ এপ্রিল ঢাকায় চারদিনব্যাপী বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সভায় সীমান্ত এলাকায় এবং দুই দেশের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটির বিষয়ে একে অপরকে দোষারোপ করা হয়। হস্তান্তর করা হয় তালিকা।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতের অভ্যন্তরে আশ্রয় নেওয়া ৪৪৪ জন সন্ত্রাসী এবং বাংলাদেশ বিরোধী ২২ টি গোপন সংগঠনের তালিকা হস্তান্তর করা হয়। অপরপক্ষে ভারতের পক্ষ থেকেও একই ধরণের অভিযোগ উত্থাপন করা হয়।

বিডিআর এর একটি সূত্র জানায়, এই প্রথমবারের মতো সরকার সন্দেহজনক ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এবং দেশীয় সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানা ও অস্ত্র চোরাচালান রুটে এমন শক্তিশালী অভিযান চালালো।

গত কয়েক বছরে বাংলাদেশের সংঘটিত কয়েকটি চাঞ্চল্যকর গ্রেনেড হামলার পর জাতীয় ও আন্তর্জাতিক চাপে সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে শুরু করে।

বিশেষ করে গত বছরের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা এবং চলতি বছরের ২৭ জানুয়ারি হবিগঞ্জে একটি জনসভায় ভাষনদানকালে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যার পর এই ঘটনার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সংযোগ থাকার বিষয়টি গোয়েন্দাদের নজরে আসলে সরকার সন্ত্রাসীদের দমনে কঠোর অবস্থান নেয় বলে র‌্যাব কর্মকর্তা জানান।

কিবরিয়া হত্যার চার্জশীটেও উল্লেখ করা হয় যে হত্যাকান্ডে ব্যবহৃত গ্রেনেডগুলো আনা হয়েছিল সীমান্তবর্তী চুনারুঘাট এলাকা থেকে।

একাধিক গোয়েন্দা সংস্থা জানায়, ঐ হামলায় দেশীয় সন্ত্রাসীদের সাথে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) এর খন্ডিত অংশের নেতা ক্রিস্টোফার নয়নাবাসি ওরফে নয়নাবাসি জামাতির লোকদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে।

অসমর্থিত একাধিক সূত্র জানায়, এনএলএফটি এর এই নেতা সিলেটের একসময়ের কুখ্যাত ডাকাত সর্দার আবু ওমরের তৃতীয় মেয়েকে বিয়ে করে হবিগঞ্জ এলাকায় বসবাস শুরু করে। কিবরিয়া হত্যার তদন্তকালে বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি বলে গোয়েন্দা সংস্থাগুলো জানায়।

শুধু কিবরিয়া হত্যাই নয়, খোদ রাজধানীতে বিভিন্ন সময় উদ্ধারকৃত গ্রেনেড এর সাথেও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দল উলফা কানেকশন খুঁজে পায় গোয়েন্দারা।

গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার আমিন বাজার থেকে র‌্যাব এর সদস্যরা ৬১০ গ্রাম ওজনের একটি গ্রেনেড উদ্ধার করে। এই ঘটনায় আটক করা হয় ৪ জনকে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এর উৎস সম্পর্কে র‌্যাব নিশ্চিত হয়ে ঐ রাতেই অভিযান চালায় শেরপুরের ঝিনাইগাতি এলাকায়। অভিযান চালিয়ে এর সত্যতা খুঁজে পায় তারা। এই এলাকায় শুক্রবার রাতেও চলে র‌্যাব-বিডিআর এর যৌথ অভিযান।

ঝিনাইগাতির একাধিক স্থানীয় অধিবাসী এই গ্রেনেড পাচারের সাথে উলফা নেতা রঞ্জিন চৌধুরী ওরফে রতন সিং এর নাম বলেছে।

শুক্রবারের অভিযানের সময় র‌্যাব ও বিডিআর সদস্যরা রতন সিং এর আস্তানায়ও অভিযান চালায়। যদিও তাকে খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া গত বছরের ২ এপ্রিল কর্ণফুলী জেটি থেকে উদ্ধারকৃত ২০০০ টি একে-৪৭ রাইফেল, সাবমেশিন কারবাইন, চাইনিজ রাইফেল, রকেট লঞ্চার এবং ২৭ হাজার গ্রেনেড পাচার প্রচেষ্টার সাথেও সাথেও রতন সিং জড়িত ছিলো বলে গোয়েন্দারা জানান।

সূত্র জানায়, অতীতে রতনকে অবৈধভাবে রাখা উচ্চ মানের স্যাটেলাইট সহ পুলিশ আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া ২০০৩ সালের ২৭ জুন বগুড়ায় উদ্ধারকৃত বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সাথে ভারতের সাবেক এক বিচ্ছিন্নতাবাদী নেতার সংশ্লিষ্টতার কথা শোনা যায়। বগুড়ায় পুলিশ প্রায় ১ লাখ চাইনিজ রাইফেলের গুলি এবং ২০০ কেজি আরডিএক্স বিস্ফোরক কাহালু থানার জোগারপাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

এই বিষয়গুলোকে আমলে নিয়ে সরকার ক্র্যাকডাউন এর সিদ্ধান্ত নেয়।