২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ পল্লীতে বিক্রির সময় এক যুবতী উদ্ধার

ভালোবাসায় প্রলুব্ধ করে নিষিদ্ধ পল্লীতে বিক্রির সময় পুলিশ এক যুবতীকে উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক ও নারী পাচারকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 09:41 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার কমরপুর গ্রামের আজাহার আলীর মেয়ে আঁখি (১৭) ৬/৭ দিন আগে খালাত বোন পারভিনের বিয়ে উপলক্ষ্যে টাঙ্গাইলের রামপুরায় খালার বাড়িতে আসে। সেখানে ঠাকুরগাঁও জেলার কচুবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের সাথে তার পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বুধবার সকালে কুদ্দুস ও পাচারকারী দলের এক সদস্য লিপি আঁখিকে বিয়ের নাম করে টাঙ্গাইল শহরে নিয়ে আসে। জেলার পুরাতন বাসস্ট্যান্ডে নেমে আঁখিকে একটি দোকানে রেখে কুদ্দুস ও লিপি শহরের কান্দাপাড়া নিষিদ্ধ পল্লীতে যায় এবং পিংকী নামে এক যৌনকর্মীর কাছে তাকে ১২ হাজার টাকায় বিক্রির প্রস্তাব দেয়।

পিংকী কৌশলে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ আঁখিকে উদ্ধার করে জেলা কারাগারে নিরাপত্তা হেফাজতে পাঠায়।

গ্রেফতারের পর কুদ্দুস ও লিপিকে জেল-হাজতে পাঠনো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে টাঙ্গাইল থানায় একটি মামলা দায়ের করেছে।