কক্সবাজারের ২টি উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে
জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় ডায়রিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। দুই উপজেলায় প্রতিদিন অর্ধশত লোক ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
জানা যায়, চকরিয়া ও পেকুয়া উপজেলার একটি পৌরসভাসহ ২৫টি ইউনিয়নে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ব্যাপকহারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, উক্ত দুইটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় অর্ধশতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে শিশু কিশোরই বেশী।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ জানায়, গত ১১ থেকে ২১ মে পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তবে পেকুয়া উপজেলায় ডায়রিয়ার ব্যাপক ছড়াছড়ি দেখা দিলেও হাসপাতালের বহিঃবিভাগ তাদের প্রতিদিন চিকিৎসা সেবা ও ঔষধপত্র দিয়ে ছেড়ে দিচ্ছে।
পেকুয়া হাসপাতালের প্রধান ডাঃ মুজিবুর রহমান ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুবুল আলম বিডিনিউজকে জানান, উপজেলায় স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটায় এবছর অন্যবছরের চেয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা খুবই কম।
