২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি এমএ আজিজ নতুন প্রধান নির্বাচন কমিশনার

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এমএ আজিজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বঙ্গভবন সূত্র জানায়, রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ সোমবার সকালে তাকে এ পদে নিয়োগ দেন। প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন সোমবার বিকেল পাঁচটা বিশ মিনিটে নতুন সিইসিকে শপথ বাক্য পাঠ করান।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এ নিয়োগ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, সরকার এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে রাজনীতিকীকরণের দৃষ্টান্ত স্থাপন করলো।

পূর্ববর্তী সিইসি এমএ সাঈদের পাঁচ বছরের মেয়াদ রোববার শেষ হওয়ার পর বিচারপতি এমএ আজিজকে নিয়োগ দেওয়া হলো।

শপথগ্রহণের পর এম এ আজিজ নির্বাচন কমিশনে যান। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব স ম জাকারিয়া তার সঙ্গে গাড়িতে ছিলেন। নতুন অফিসে সিইসি আধাঘন্টা অবস্থান করেনএবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার শেরেবাংলা নগরে তার চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সংবিধান, বিবেক ও যুক্তিবোধ আমাকে যে দিক নির্দেশনা দেবে, আমি সেই অনুযায়ী কাজ করবো। আমাকে কেউ ভুল বুঝবেন না।

তিনি বলেন, সিইসি হিসেবে আমার প্রধান কর্তব্য সকলের কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। আমার কারও সঙ্গে বিরোধ বা কারও প্রতি অনুরাগ নেই।

তিনি বলেন, আমি আশা করি, আমার সহকর্মীরা আমাকে সহযোগিতা করবেন। রাজনীতিকরাও আমাকে দিকনির্দেশনা দিতে পারেন। রাজনীতি মানুষকে নিয়ে। আমার রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকার কোনও অভিপ্রায় নেই। যে কোনও দল ও মতের লোক খোলা মন নিয়ে আমার সঙ্গে আলাপ করতে পারবে।

বিরোধী দল মেনে না নিলে আপনি কী করবেন-এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইট’স আ পলিটিক্যাল কোয়েশ্চন! আমি মনে করি না যে তারা আমাকে মেনে নেবে না। তবে সেরকম কিছু ঘটলে আমি তাদের বোঝাতে চেষ্টা করবো। কারণ, আমি কখনও রাজনীতি করিনি।

এমএ আজিজ স্বাধীন বাংলাদেশের নবম প্রধান নির্বাচন কমিশনার এবং বিচার বিভাগ থেকে এ পদে আসা সপ্তম ব্যক্তি।

সদ্য সাবেক দুই সিইসি যথাক্রমে এমএ সাইদ ও আবু হেনা আমলাদের মধ্য থেকে এ পদে নিয়োগ পেয়েছিলেন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমান দায়িত্ব পালনের জন্যে তাকে সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগ করতে হবে না। তবে মেয়াদ শেষে তিনি বিচার বিভাগে ফিরে যাবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক উত্তর দেন।

এ পদে আসীন হওয়ার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা আমার নতুন ধরনের অভিজ্ঞতা। তিনি সকলের সহযোগিতা কামনা এবং সহনশীলতা প্রত্যাশা করেন।

নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিক দলগুলোর একে অন্যকে দোষারোপ করার প্রবণতাকে নতুন সিইসি ‘মূল্যবোধের সংকট’ হিসেবে উল্লেখ করেন।

নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমি এ ব্যাপারে এখনও কিছুই জানি না। এসব জানতে ও বুঝতে আমার সময় প্রয়োজন।

পূর্ববর্তী সিইসির ছয় দফা প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, আমি এগুলো সম্পর্কে বিস্তারিত জানিনা। প্রস্তাবগুলো দেখার পর আমি এ ব্যাপারে কথা বলতে পারবো। তবে আমি বলতে পারি, এমএ সাঈদ একজন ভাল এবং জ্ঞানী ব্যক্তি।

তিনি আরও বলেন, রাতারাতি কোনও সমস্যা সমাধান সম্ভব নয়। এসব ক্ষেত্রে সময় প্রয়োজন।

বিচারপতি এমএ আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৬১ সালে বিএ (সম্মান) এবং একই বিভাগ থেকে ১৯৬২ সালে এমএ পাশ করেন। তিনি লন্ডনের ইনার টেম্পল থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে হাইকোর্টে আইন চর্চা শুরু করেন।

এমএ আজিজ ১৯৫৬ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে আইএ পাশ করেন।

১৯৯৬ সালের জুন মাসে তিনি হাইকোর্টের বিচারপতি হন এবং ২০০৪ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।

প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ ১৯৩৯ সালের ৩০ সেপ্টেম্বর বরিশালের আগৈলঝরা উপজেলার আমবাওলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দুল ওয়াহেদ।