অদক্ষ জনশক্তি নিয়ে চলছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর
অদক্ষ লোকজন নিয়ে চলছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক নিয়ন্ত্রণ অভিযান।
অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের এক কর্মকতা বলেন, মাঠকর্মী কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত কারো কোনো প্রশিক্ষণ নেই। অন্যান্য কর্মকতা কর্মচারীর মতো এদেরকেও নিয়োগের পর সরসরি যোগদানস্থলে পাঠিয়ে দেয়া হয়।
বর্তমানে বিভিন্ন ধরনের মাদকের ব্যবহার থাকলেও এসব কর্মকতা কর্মচারীরা এ সম্পর্কে খুব কমই জানেন।
প্রখ্যাত মনোবিজ্ঞানী নাজিমুদ্দৌলা চৌধুরী বলেন, বর্তমানে হেরোইন, হাশিস ও ফেনসিডেলের মতো বিভিন্ন ধরনের সিনথেটিকস বিশেষ করে বার্নিস, রং ও গ্লু জনপ্রিয় মাদকে পরিণত হয়েছে। তবে আইনে মাদক হিসেবে এগুলোর উল্লেখ নেই।
তিনি বলেন, দেশের প্রায় সব শহর বন্দরেই এগুলো পাওয়া যায়। তবে বাংলাদেশে এটি এখনও ব্যাপক হারে বিস্তাব হয়নি।
জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক এএইচ মোহাম্মদ ফিরোজ বলেন, নতুন নতুন মাদক সনাক্তকরণসহ অধিদপ্তরের এ ব্যাপারে বিশেষজ্ঞ কর্মকর্তা থাকতে হবে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ ওই কর্মকর্তা বলেন, ২০০৩ সালের ২০ জানুয়ারি জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ডের ৮ম সভায় অধিদপ্তরকে আধুনিকায়নের জন্য পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সমাজ কল্যাণ সচিবকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি দেখতে পায় যে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কোনো প্রশিক্ষণ নেই, এমনকি মাদক উপাদান সম্পর্কেও তাদের কোনো প্রশিক্ষণ নেই। কমিটি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সকল কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়ার সুপারিশ করে।
কমিটি লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য পৃথক একটি প্রশিক্ষণ নীতিমালা প্রণয়নেরও সুপারিশ করে।
কমিটির প্রতিবেদনে এসব সমস্যা ছাড়াও অপর্যাপ্ত জনশক্তি, আইনগত সুবিধা, অস্ত্র ও বাজেট বরাদ্ধ সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হয়।
পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে বাংলাদেশে ২ দশমিক ৫ মিলিয়নেরও বেশি মাদকাসক্ত রয়েছে। গত এক দশক ধরে শহরের কিশোর বিশেষ করে ছাত্রদের মধ্যে এটি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
