পাবনায় যমুনার ভাঙন রোধের নামে পাউবোর ২৫ কোটি টাকা লোপাট
পাবনায় যমুনা নদীর ভাঙনের হাত থেকে পশ্চিম তীর রক্ষার নামে বেড়া পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২৫ কোটি টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ সহায়তায় পানি উন্নয়ন বোর্ড ‘মেঘনা-যমুনা রিভার ইরোশন মিটিগেশন প্রজেক্ট’ নামে পাঁচ বছর মেয়াদী আড়াই শ’ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে।
পাওবোর কর্মকর্তারা মাত্র পাঁচ মাসে ঠিকাদার ও কতিপয় রাজনৈতিক নেতার যোগসাজশে কাগজে-কলমে ১৫ কোটি টাকার জিও ব্যাগ ও ১০ কোটি টাকার সিসি ব্লক নির্মাণ খরচ দেখিয়ে প্রকল্পের টাকা উত্তোলন করে ভাগ-ভাটোয়ারা করে নিয়েছেন বলে জানা গেছে।
১১ কিমি দীর্ঘ এ প্রকল্প দুটি অংশে বিভক্ত। একটি অংশ পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পাধীন বেড়া উপজেলার নাকালিয়া বন্দর থেকে মোহনগঞ্জ পর্যন্ত যমুনার পশ্চিম পাশ ঘেঁষে সাত কি.মি. তীর রক্ষা প্রকল্প এবং অপরটি মতলব উপজেলার এখলাসপুর-মোহনপুর এলাকার ৪ দশমিক চার কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীর ভাঙ্গন রোধ এবং সেচ রক্ষা প্রকল্প।
এ কাজের জন্য ২৪ লাখ ৫০ হাজার বিদেশি জিও ব্যাগ ও সিসি ব্লক ব্যবহারের কথা থাকলেও দেশি জিও ব্যাগ ও নিুমানের সিসি ব্লক ব্যবহার করা হয় বলে সূত্র জানায়। এছাড়া ৩ কিমি বাঁধকে বিশেষভাবে মজবুত করার জন্য নদীতে পর্যাপ্ত বালির বস্তা ও সিসি ব্লক ফেলার কথা থাকলেও তা ফেলা হয়েছে নামমাত্র। এর ফলে গত বন্যায় বাঁধের অন্তত ২৫ টি অংশে ফাটল দেখা দেয়।
এ ব্যাপারে বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরাফত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, প্রকল্প বাস্তবায়নে কোথাও কোনও অনিয়ম হয়নি।
