২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেওড়াপাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মৃতের সংখ্যা চারে দাঁড়িয়েছে

শনিবার রাতে হাসপাতালে আরও এক ডাকাতের মৃত্যুর পর নগরীর শেওড়াপাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মৃতের সংখ্যা চারে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মৃত ওই ডাকাতের নাম মোহাম্মদ হানিফ (১৫)। সে নান্নু মিয়ার ছেলে। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। সে নগরীর পশ্চিম আগারগাঁওয়ে থাকত।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে হানিফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

শুক্রবার রাতে মিরপুরের শেওড়াপাড়ায় ডাকাতদল একটি ট্যাক্সিক্যাবে করে যাওয়ার সময় টহল পুলিশের একটি দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশের ওপর গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি করে।

মৃত অন্য তিন ডাকাতদের একজন হচ্ছে মোহাম্মদ সোহাগ (১৬)। সেও পশ্চিম আগারগাঁওয়ে থাকত। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

ডাকাতের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রক্ষিত আছে। এখন পর্যন্ত কেউই তাদের লাশ নিতে আসেনি।

বন্দুকযুদ্ধের পর পুলিশ ট্যাক্সিক্যাব চালককে গ্রেফতার করে। পরে তাকে পুলিশ দুই দিনে রিমাণ্ডে নেয়।