পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার বাণী
রোববার পবিত্র বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলের নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ তাঁর বাণীতে বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উদযাপন উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধের আদর্শ যথাযথভাবে অনুসরণ করলে মানব জীবন হবে পঙ্কিলতা শূন্য মহানুভবতাপূর্ণ। তিনি দেশবাসীর নিকট পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সর্বস্তরে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সর্বাঙ্গীণ শান্তি ও কল্যাণ কামনা করেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর বাণীতে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, বুদ্ধের অমর বাণী বিশ্বে শান্তি ও পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠার পথ দেখায়। বুদ্ধের অহিংসা, আত্মজয় ও জীবের প্রতি প্রেমের অমিয়ধারায় সমাজের সর্বত্র কল্যাণ বয়ে আসুক, বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি দেশে ও বিদেশে বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকলের শান্তি, সুখ ও কল্যাণ কামনা করেন।
শেখ হাসিনা তাঁর বাণীতে বাংলাদেশের বৌদ্ধ জনগোষ্ঠিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ ছিল গৌতম বুদ্ধের জীবনাদর্শ। এই আলোকে তিনি মানুষকে ন্যায়, সততা, ও মহৎ কর্মসাধনে উদ্বুদ্ধ করে তোলেন। বুদ্ধের শান্তির বাণী সকল অন্যায়, হিংসা, বিদ্বেষ দূর করতে সবাইকে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী সকল নাগরিকের জীবনে সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করেন।
