২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনার রাজনীতি প্রত্যাখ্যান করে উন্নয়নের রাজনীতি জোরদার করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উত্তেজনার রাজনীতি প্রত্যাখান করে উন্নয়নের রাজনীতি জোরদার করার আহবান জানিয়েছেন। শনিবার বিকেলে খুলনায় রূপসা নদীর ওপর খান জাহান আলী সেতু উদ্বোধনের পর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট সরকার কথায় নয় কাজে বিশ্বাসী, রূপসা সেতু উদ্বোধনের মাধ্যমে সে কথা আরও একবার প্রমাণিত হলো। তিনি বলেন, আজকের এই সেতু নির্মাণ আমাদের উন্নয়নের রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বলেন, বিগত বিএনপি সরকারের আমলে এ সেতু নির্মানের উদ্যোগ নেওয়া হয়। সরকারের ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় সেতু নির্মাণও বিলম্বিত হয়।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষের জন্যে সুযোগ-সুবিধা বাড়াতে হলে উন্নয়নের রাজনীতি জোরদার করতে হবে আর উত্তেজনার রাজনীতি প্রত্যাখান করতে হবে।

তিনি আরও বলেন, রূপসা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি যোগযোগ স্থাপিত হলো। রাজধানী, বিভাগীয় শহর খুলনা আর বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে মংলা সমুদ্র বন্দরের যোগাযোগ আরও সহজ হবে বলে তিনি জানান। এতে যাতায়াত ও পণ্য পরিবহনের সময় অনেক কমবে এবং অর্থনৈতিক কার্যক্রম ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হবে।

প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন নেটওয়ার্কের অংশ হিসেবে আড়িয়াল খাঁ নদীর ওপর হাজী শরীয়তউল্লাহ সেতু, ঢাকা-সিলেট মহাসড়কে মেঘনা নদীর ওপর বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর সড়কে গাবখান সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, চাঁদপুর সেতুর নির্মানের পর চালু করার কথা বলেন।

তিনি বলেন, আরও ১০টি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

রূপসা সেতুর টোল প্লাজার পাশে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার সুজেন তানিগাওয়া, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি, যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, হুইপ মো. আশরাফ হোসেন, খুলনা সিটি মেয়র শেখ তৈয়বুর রহমান, আলহাজ্ব মো. আলী আজগর লবী এমপি, অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এমপি, এম নুরুল ইসলাম এমপি প্রমুখ।

সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা রূপসা সেতুর একটি স্বর্ণখচিত ক্রেস্ট উপহার দেন। এ সময় যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাপানের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার সুজেন তানিগাওয়াকে একটি ক্রেস্ট প্রদান করেন।

সুধী সমাবেশের আগে সেতু উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টোল প্লাজা থেকে প্রথম টিকিট সংগ্রহ করে গাড়ি নিয়ে যাত্রা শুরু করে সেতু চলাচলের জন্য উন্মুক্ত করেন।

সমাবেশ শেষে খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের নবনির্মিত ছাত্রী হল, সরকারী আযম খান কমার্স কলেজের মজিদ ছাত্রাবাস, খুলনা শিশু হাসপাতালের নবনির্মিত ভবন, বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমীর পাঁচ তলা ভবন উদ্বোধন করেন।