কাঠমাণ্ডুতে বাংলাদেশ হস্তশিল্প প্রদর্শনী শুরু
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ২০ মে থেকে শুরু হয়েছে বাংলাদেশ হস্তশিল্প প্রদর্শনী-২০০৫। বাংলাদেশ এবং নেপালের মধ্যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
কাঠমাণ্ডুর বীরেন্দ্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন নেপালের অর্থমন্ত্রী মধুকর শমশের রানা। প্রদর্শনীতে বাংলাদেশী নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে ১০ টি স্টল সাজানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদানকালে অর্থমন্ত্রী রানা বিশ্বায়নের যুগে বিশ্ব বাজারে হস্তশিল্প ছড়িয়ে দেয়ার কথা বলেন।
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবির প্রদর্শনীকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি নেপালের মিডিয়া বেশ গুরুত্বের সাথে প্রচার করে।
