২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সেনা অভিযান শুরু

সন্ত্রাস দমনের লক্ষ্যে শুক্রবার ভোর রাত থেকে পার্বত্য জেলা বান্দরবানের গহীণ অরণ্য ও দূর্গম এলাকাগুলোতে সেনাবাহিনী চিরুনী অভিযান শুরু করেছে। প্রায় তিন শতাধিক সেনা সদস্য এই অভিযানে অংশ নিচ্ছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সরকারি সুত্র জানায়, বিভিন্ন সন্ত্রাসী এবং গড ফাদারদের কাছে তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশংকায় এই অভিযান সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

জানা যায়, গতবছরের শেষে এবং চলতি বছরের শুরুতে এ ধরনের আরো দুটি অভিযান চালানো হয়। এসব অভিযানে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ধরা পড়লেও কোনো সন্ত্রাসীকে আটক করা যায়নি।

গত বছর ডেমোক্রেটিক পার্টি অব আরাকানসহ (ডিপিএ) কয়েকটি বিদেশী সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সুবেদার এবং অন্য একজন মৎস্য চাষীকে অপহরণের পর মাসব্যাপী চালানো হয় ‘অপারেশন উত্তরণ’। ওই অভিযানের পর সন্ত্রাসীরা সীমান্তের ওপারে চলে যায়।

তবে সাম্প্রতি তারা আবারও বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। গত ১ এপ্রিল সন্ত্রাসীরা রোয়াংছড়ি উপজেলার ব্যাঙছড়ি এলাকা থেকে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বুলডোজার চালক ও তার সহকারীকে অপহরণ করে। গত ৫০ দিনেও তাদের কোন হদিশ পায়নি আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ।

দায়িত্বশীল সুত্রগুলো বলেছে, অপহৃত ২ শ্রমিককে উদ্ধারের জন্য সেনাবাহিনী আবারও তাদের অভিযান শুরু করেছে। তবে এবারকার অভিযান কত দিন স্থায়ী হবে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।