শেওড়াপাড়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ: ৩ ডাকাত নিহত, আহত ২ জন
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় শুক্রবার রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন জন অভিযুক্ত ডাকাত নিহত ও একজন গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়। এ ঘটনায় আহত হয় একজন পুলিশ সদস্য।
মিরপুর থানা পুলিশ জানায়, আহত অবস্থায় গ্রেফতারকৃত ডাকাতকে পুলিশি নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
রাত ৯ টার দিকে মিরপুর থানার শেওড়াপাড়া এলাকায় কালো ট্যাক্সি ক্যাবে করে ডাকাত দল যাচ্ছিল। তাদের তৎপরতা টের পেয়ে টহল পুলিশ গতিরোধের চেষ্টা করে।
পুলিশের সহকারি উপ-কমিশনার (এডিসি-পশ্চিম) নজরুল ইসলাম বিডিনিউজকে বলেন, শেওড়াপাড়ার পুনম কমিউনিটি সেন্টারের কাছাকাছি টহল পুলিশদল ছয় সদস্যের ডাকাত দলটির মুখোমুখি হয়।
পুলিশের বাধা পেয়ে তারা কয়েকটি হাত বোমার বিষ্ফোরণ ঘটায় ও গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে তিনজন ডাকাত নিহত ও একজন আহত হয়। বন্দুকযুদ্ধ চলাকালে একজন দারোগা সামান্য আহত হন।
পুলিশের উপ-কমিশনার কোহিনূর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুষ্কৃতিকারীদের হতাহতের ঘটনার পরপরই এলাকাবাসী আনন্দ মিছিল বের করে।
