শনিবার শেষ হচ্ছে সিইসি এমএ সাঈদের মেয়াদ
নির্ধারিত পাঁচ বছর মেয়াদের শেষ দিন হিসেবে শনিবার অফিস করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ সাঈদ।
সরকারি হিসেবে ২২ মে তার মেয়াদের শেষ দিন হলেও ওইদিন বুদ্ধপূর্ণিমা থাকার কারণে সরকারি ছুটি হওয়ায় শনিবারই তার মেয়াদ শেষ হচ্ছে।
আওয়ামী লীগ সরকার ২০০০ সালের ২৩ মে এমএ সাঈদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়।
প্রধান নির্বাচন কমিশনার শনিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করবেন। এসময় রাষ্ট্রপতির কাছে তিনি নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত পাঁচ দফা প্রস্তাবের কপি হস্তান্তর করবেন।
পরে দুপুর আড়াইটার দিকে তিনি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেবেন।
পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার কে হবেন সে বিষয়ে সরকার এখানো সিদ্ধান্ত নেয়নি। তবে পরবর্তী সিইসি হিসেবে ক্ষমতাসীন জোট সরকারের পছন্দের তালিকা শীর্ষে রয়েছেন ড. আকবর আলী খান।
শীর্ষ পর্যায়ের এক সূত্র বিডিনিউজকে জানায়, সরকার বর্তমানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ড. আকবর আলীকে সিইসি নিয়োগ দিতে যাচ্ছে।
সূত্র জানান, ড. খান নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বিরোধীদলগুলোর কাছে গ্রহণযোগ্য হবেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ড. খান প্রথমে অর্থসচিব ছিলেন এবং আওয়ামী লীগ আমলে মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও কাজ করেছেন।
এদিকে আগামী ২৪ জুন নির্বাচন কমিশনার সফিউর রহমানের মেয়াদ শেষ হবে। এছাড়া আরো দু’জন নির্বাচন কমিশন সদস্য মুন্সেফ আলী ও মোহাম্মদ আলীর মেয়াদ শেষ হবে ২০০৬ সালের ১৮ এপ্রিল।
