বাংলাদেশের নয় সন্ত্রাসীকে ১০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলে রাখার নির্দেশ
ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয়ে আটক বাংলাদেশের নয়জন সন্ত্রাসীর জামিনের আবেদন নাকচ করেছে সেদেশের একটি আদালত।
আটককৃতদের উত্তর ২৪ পরগনা পুলিশ বনগাঁ শহরের আদালতে হাজির করার পর জামিন প্রার্থনা করলে আদালত এই আদেশ দেয়।
শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে, নয় সন্ত্রাসীর বিষয়ে আদালতে যে ‘কেস ডায়েরি’ পেশ করা হয়েছে, তাতে নির্দিষ্ট করে বলা হয়েছে, বৈধ ভ্রমণের কাগজপত্র নিয়ে এই বাংলাদেশের নাগরিকরা ৪ মে বনগাঁর বিনোদ গেস্ট হাউস থেকে গ্রেপ্তার হলেও জিজ্ঞাসাবাদের সময় স্পষ্ট হয়েছে যে গত ১১ মাস ধরেই এরা বিভিন্ন নামে, বিভিন্ন পাসপোর্ট ভিসার সাহায্যে সেখানে অবস্থান করছিল।
মূলত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং টেলিফোন দপ্তরের মাসুল ফাঁকির মাধ্যমে এরা যে অপরাধ করেছে তার বর্ননা দিতে গিয়ে সরকারি আইনজীবি এক সময় তাদের বাংলাদেশের পরিচিত সন্ত্রাসী বলেও অভিহিত করেন। কিন্তু তার বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমান পেশ করেননি।
সুমন, মুসা, বিপুল, আয়ুব শেখ, এনামুল হক, মো. বিপ্লব নামে পাসপোর্টধারী এই গ্রেফতারকৃতদের দুই আইনজীবি প্রদীপ ব্যানার্জী এবং দুলাল বর্মন দাবি করেন পুলিশ শুধু তাদের মক্কেলদের হেনস্থা করছে।
এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের এক মুখপাত্র বিডিনিউজকে বলেছেন, “জেরার জবাবে এরা স্বীকার করেছে যে তারা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী। কিন্তু তাদের পূর্ব পরিচয় এবং ছবি পাওয়ার জন্য বারবার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি। ফলে আমাদেরও জিজ্ঞাসাবাদের সময় সমস্যা হচ্ছে”।
এদিকে বাংলাদেশ উপ-রাষ্ট্রদূতের পক্ষ থেকে বলা হচ্ছে, “এ ব্যাপারে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যা করার করা হচ্ছে”।
যে গেষ্ট হাউজ থেকে এই সন্ত্রাসীদের ধরা হয়েছিল, তার মালিক সিপিএম নেতাকে এখনও পুলিশ ধরতে পারেনি।
