শনিবার খানজাহান আলী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের জনগনের দীর্ঘদিনের স্বপ্নের রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) নির্মান কাজ সম্পন্ন হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নগরীর লবনচরায় অবস্থিত এই সেতুর উদ্বোধন করবেন।
সেতুটি চালু হলে দক্ষিন-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপসা সেতু নির্মানে ব্যয় হয়েছে ৭২৪ দশমিক ১৫ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার ৪৫৮ দশমিক ৬৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ২৬৫ দশমিক ৫০ কোটি টাকা ব্যয় করেছে।
সেতুটির মোট দৈর্ঘ্য এক হাজার তিন’শ ষাট মিটার। সেতুর উভয় প্রান্তে আট দশমিক আটষট্টি কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে।
সিমিজু-আইটিডির যৌথ উদ্যোগে রূপসা সেতুর নির্মান কাজ সমাধা হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ অধিদপ্তর। নির্মান কাজ তদারক ও পরামর্শের দায়িত্বে নিয়োজিত চারটি প্রতিষ্ঠান হচ্ছে, প্যাসিফিক কনসালটেন্ট ইন্টারন্যাশনাল (জাপান), জাপান ওভারসিজ কনসালটেন্ট লিঃ (জাপান), কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিঃ (ভারত) এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিঃ (বাংলাদেশ)।
সেতু চালুর ফলে যোগাযোগ ও পর্যটন উন্নয়নসহ অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে।
রূপসা সেতু নির্মান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক তাপস পাল বিডিনিউজকে জানান, ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠান সিমিজু জাপানের প্যাসিফিক কনসালটেন্টের কাছে বুঝিয়ে দিয়েছে। বাইপাস সড়ক নির্মান শেষ না হলেও সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে কোন অসুবিধা হবে না।
তিনি বলেন, দ্রুত ও ধীর গতিসম্পন্ন যানবাহনের জন্য দুইটি করে মোট চারটি লেন রয়েছে। সেতুটির গোড়ায় আটটি শক্তিশালী পিলারে রয়েছে বিশেষ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রচন্ড শক্তিশালী কোন নৌযান কিংবা বিস্ফোরক দ্রব্য দিয়ে একে টলানো যাবে না। সমুদ্র সমতল থেকে ৮০ মিটার উচ্চতায় অবস্থিত এ সেতুতে ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা রয়েছে।
টোল নির্ধারণ করা হয়েছে মটর সাইকেল ৫, বেবীট্যাক্সি, টেম্পু ২০, প্রাইভেট কার জীপ ৩০, মাইক্রোবাস, পিকআপ ৫০, মিনিবাস ও মিনিট্রাক ১০০ এবং বাস ও ট্রাক ১ শ ৫০ টাকা।
এদিকে রূপসা সেতু নির্মানের ফলে, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত ফেরীঘাটকে কেন্দ্র করে ঘাটের চারিপাশে প্রায় ৮০টি মাছ কোম্পানী, কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান, হ¯ত্তশিল্প প্রতিষ্ঠান, ছোট-বড় কয়েক হাজার মুরগীর ফার্ম ও ফেরীঘাটে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। রূপসা সেতু উদ্বোধন করার পরও যেন এখানে ফেরী চলাচল অব্যহত থাকে এ দাবি জানিয়েছে খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদ। এ দাবিতে তারা শুক্রবার রুপসা বাসস্ট্যান্ডে গনজমায়েত ও মিছিল করেছে। শনিবার সেতুর দুধারে দাড়িয়ে নিরবতা পালনের কমসূচি পালন করবে।
