আরিচায় লঞ্চডুবি: এ পর্যন্ত ৪২টি মৃতদেহ উদ্ধার
আরিচায় লঞ্চডুবির ঘটনায় ডুবুরি ও স্থানীয় জনসাধারণ শুক্রবার সকালে আরো ১১টি মৃতদেহ উদ্ধার করে। এ নিয়ে মোট উদ্ধার করা লাশের সংখ্যা ৪২ এ দাঁড়ালো।
প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছে, প্রবল স্রোতে অনেক মৃতদেহ ভেসে গেছে।
উদ্ধারকারি জাহাজ রুস্তম ডুবে যাওয়া লঞ্চটি ওঠানোর চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, লঞ্চের ভেতর অনেক মৃতদেহ আটকা পড়ে আছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্রোতের তীব্রতার কারণে রুস্তমের উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হয়। এর শিকল অন্তত দু’ বার ছিঁড়ে যায়।
স্থানীয় জনসাধারণ ও পুলিশ জানায়, মঙ্গলবার ঝড়ে ডুবে যাওয়ার সময় পাবনার নটাখোলা থেকে আরিচাগামী এমভি রায়পুর নামে ওই লঞ্চটিতে ২০০ যাত্রী ছিলো। এর ধারণ ক্ষমতা ১২০।
ঘটনার পর থেকে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। মাত্র ২০/২৫ জন তীরে উঠতে পেরেছিল।
যমুনা নদীর তীরে নিখোঁজ যাত্রীদের শত শত আত্মীয়-স্বজন এখনও অপেক্ষা করছে।
১৫ মে পটুয়াখালিতে লঞ্চডুবির পর এটি নৌ দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটে।
এদিকে বৃহস্পতিবার রাতে ভোলায় একটি ট্রলারডুবিতে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে।
