কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একজন নিহত
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৃহস্পতিবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় সারোয়ার (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার খোয়াসার গ্রামে সকাল ৯ টায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আবুল হোসেন মোল্লার ছেলে আল আমিন ও রুহুল আমিন একই গ্রামের আবদুল আওয়ালের পুত্র সারোয়ারকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় সে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
