শনিবারের হরতালে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ
প্রধান বিরোধীদল আওয়ামী লীগ চারদিনের মাথায় শনিবার আবার হরতাল ডাকায় এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ঢাকায় বুধবার হরতাল ডাকলে ইতোমধ্যেই ঢাকা বোর্ডের ওইদিনের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত হয়ে গেছে।
এছাড়া সারাদেশে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থীদের হাদিস তৃতীয় পত্র এবং কারিগরি বোর্ডের একটি পরীক্ষাও স্থগিত হয়েছে।
শনিবার ঢাকা বোর্ডে অর্থনীতি ও ব্যবস্থাপনা পরীক্ষা হওয়ার কথা। এছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডেও তাদের নির্ধারিত পরীক্ষা রয়েছে ওইদিন।
এক এইচএসসি পরীক্ষার্থীর মা উম্মে কুলসুম আরা বেগম বলেন, উচ্চতর শিক্ষায় প্রবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। কিন্তু এই পর্যায় এসেই রাজনীতির শিকার হয়ে তাদের শিক্ষা জীবন কলুষিত হচ্ছে। এটা খুবই হতাশাজনক।
তিনি বলেন, হত্যাকাণ্ডের মতো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য একদিন হরতাল হতে পারে। কিন্তু এর বেশি মেনে নেয়া যায় না।
কুলসুম আরার মেয়ে আইডিয়াল স্কুলের পরীক্ষার্থী তামান্না তাসমিন শনিবারের হরতালের কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়ে। সে বলে, একটি হত্যাকাণ্ডের প্রতিবাদে একদিন হরতাল ঠিক আছে। কিন্তু আবারও হরতাল দেয়ায় আমার প্রস্তুতির নেয়ার ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়বে। তাসমিনের বক্তব্য, এখন মনে হচ্ছে কোনদিন আমি পরীক্ষা দিতে পারব আর কোনদিন দিতে পারব না তা অনিশ্চিত হয়ে পড়েছে।
সিটি কলেজের অন্য এক পরীক্ষার্থী সুস্মিতা জামান তিশা বলে, রাজনীতিবিদরা আমাদের কথা একবারও ভাবেননি।
শিক্ষা মন্ত্রী ডঃ ওসমান ফারুক এমপি এইচএসসি, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শনিবারের হরতাল প্রত্যাহার করার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি বিরোধী দলীয় নেতাকর্মীদের পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিহত করতে এবং দেশকে অপশাসনের ছোবল থেকে রক্ষার জন্য সকলকে হরতাল সফল করার আহ্বান জানান।
