প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ছাড়া সমস্যা সমাধানের উপায় নেই: আনোয়ার চৌধুরী
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় বলেছেন, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ছাড়া সমস্যা সমাধানের আর কোনও উপায় নেই।
বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যদি আলোচনায় না বসেন তাহলে কমনওয়েলথ বা ইউএনডিপি কেউই আপনাদের আলোচনায় বসাতে পারবে না।’
তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে প্রধান বিরোধী দলের মতপার্থক্য এবং স্থানীয় বিতর্কিত বিষয়ের মীমাংসার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ডিপলোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিসিএবি) হোটেল শেরাটনে ‘ডিসিএবি ডিপলোম্যাট টক’ শিরোনামের এ সংলাপের আয়োজন করে।
ডিসিএবি’র সভাপতি শামিম আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিস আলমগীর।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারে বিরোধী দলের দাবি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, এর সমাধান খুঁজে বের করা আমাদের কাজ নয়, বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকেই এর সমাধান খুঁজে বের করতে হবে।
হাইকমিশনার করে বলেন, প্রধান দুই দলের মধ্যে আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী। এসব সমস্যার সমাধানের ব্যাপারে রাজনীতিবিদ আগ্রহের ব্যাপারেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, যে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে যুদ্ধ করার কোনও মানে নেই। নির্বাচনের এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ দেখে আমি দারুণ আনন্দ পেয়েছি। এটি চমৎকার গণতান্ত্রিক উৎসব।
২০০৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাজ্যের সহায়তার আগ্রহের কথাও তিনি সংবাদ সম্মেলনে ব্যক্ত করেন।
তিনি বলেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন আরও জোরদার হয়েছে। বাংলাদেশকে যুক্তরাজ্য একটি ‘গুরুত্বপূর্ণ দেশ’ হিসেবেই বিবেচনা করে থাকে।
আনোয়ার চৌধুরী বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের রাজনৈতিক সম্পর্কের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, মানবাধিকার, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, উন্নয়ন, বাণিজ্য, অভিভাসন, শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রমে যুক্তরাজ্য বাংলাদেশের সাথে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলগুলোর মধ্যে সম্পর্কের ব্যাপারে তিনি হতাশা প্রকাশ করেন। যদিও তিনি এখানেই জন্ম গ্রহণ করেছেন। তিনি বলেন, এ দেশের মানুষ স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন তারা এখানকার নাজুক গণতান্ত্রিক পরিস্থিতির সাথে লড়ে যাচ্ছে।
হরতাল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, এটা প্রতিবাদ জানানোর সর্বোত্তম পন্থা নয়। জনগণের প্রতিবাদ জানানোর পন্থা দরকার। তিনি বলেন, আমি আশা করি জনগণ ভবিষ্যতে এর চেয়ে উত্তম উপায় খুঁজে বের করবে।
হরতাল নিষিদ্ধ করার বিষয়টি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় হওয়ায় তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এটি প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কোনও সহজ কাজ নয়।
হাইকমিশনার বলেন, সন্ত্রাস সবকিছুকে আক্রান্ত করেছে। এটি শুধু যুক্তরাজ্য বা বাংলাদেশের সমস্যা নয়। আর বাংলাদেশও সন্ত্রাসী আক্রমণের হাত থেকে নিরাপদ নয়। তাই আমরা গভীরভাবে সম্পৃক্ত এবং এ কারণেই পরিস্থিতির উন্নয়নে সরকারের সাথে কাজ করে যাচ্ছি। তিনি সন্ত্রাস বিরোধী কনভেনশনে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানান এবং পরবর্তীতে আরেকটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন।
২০০৪ সালে সিলেটে তার ওপর গ্রেনেড হামলার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেন।
র্যাব সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের জনপ্রিয়তা সম্পর্কে আমরা অবগত। জনগণ দ্রুত বিচার চায়। তবে আমি মনে করি যে আমাকে গ্রেনেড মেরেছিল তার বিচার হওয়া দরকার। তাকে ক্রসফায়ারে মেরে ফেলা ঠিক হবে না।
তিনি সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া ও শেখ হাসিনার ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, অপরাধীদের বিচার হওয়া উচিত। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
উন্নয়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, গত বছর যুক্তরাজ্য বাংলাদেশকে আগের চেয়ে ৫০ শতাংশ বেশি সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, আমরা আরও করতে পারি এবং আরও করব। তবে প্রশাসন ও দুর্নীতি আমাদের প্রতিহত করে দেয়। তিনি বলেন, যদি সঠিক ব্যক্তির কাছে সঠিক সময়ে সাহায্য না পৌঁছে তাহলে আমরা সহায়তা বাড়াতে পারি না।
এক প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেন। এটি কার্যকর হলে তারা আরও খুশি হবেন বলে জানান।
বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আনোয়ার চৌধুরী বলেন, সাহায্য নয় বাণিজ্যই বাংলাদেশের জন্য উন্নতি বয়ে আনতে পারে। তিনি জানান গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের রফতানি আয় ছিল এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার।
দেশের দুর্নীতি, রাজনৈতিক সমস্যা এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের মাধ্যমে সফল বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠতে পারে বলে তিনি জানান। চট্টগ্রামে ব্যবসা ও বাণিজ্য ব্যবস্থার পরিচর্যায় আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। চট্টগ্রামে একটি ভিসা প্রসেসিং সেন্টার খোলার পরিকল্পনাও তাদের রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ব্রিটিশ হাই কমিশনার।
