২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি ইঞ্জিন ও রূপান্তরের যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব করেছে জ্বালানি মন্ত্রণালয়

গ্যাস চালিত যানবাহনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) ইঞ্জিন ও সিএনজি রূপান্তরের যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব করেছে জ্বালানি মন্ত্রণালয়। বর্তমানে এগুলোর উপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপিত আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

আজ বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে সূত্র জানায়।

প্রস্তাবে বলা হয়, সরকার শুল্ক উৎসাহ দেয়ার কারণে দেশে সিএনজি চালিত যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের আর্থিক বিশ্লেষণে দেখা গেছে, সিএনজি ব্যবহারের কারণে বর্তমানে বার্ষিক ২৫০ কোটি টাকার জ্বালানি তেল আমদানি সাশ্রয় হচ্ছে। এখন দেশে সিএনজি চালিত যানবাহনের সংখ্যা প্রায় ৩৫ হাজার।

আগামীতে ডিজেল চালিত যানবাহন যাতে করে সিএনজিতে রূপান্তর হয় সে বিষয় বিবেচনায় রেখেই সিএনজি ইঞ্জিন আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে সিএনজি রূপান্তরের যন্ত্রাংশ আমদানিও শুল্কমুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। এটা করা না হলে সিএনজি চালিত যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাবে।

সিএনজি কীট এবং ফিলিং স্টেশন আমদানির ক্ষেত্রেও শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করেছে জ্বালানি মন্ত্রণালয়।

একই সঙ্গে মাইক্রোবাস সহ সকল প্রকার সিএনজি ডেডিকেটেড ইঞ্জিনের যানবাহন আমদানি শুল্ক সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা দরকার বলে মনে করে জ্বালানি মন্ত্রণালয়। বর্তমানে সিএনজি চালিত বাস আমদানির উপর শুল্ক সাড়ে ৭ শতাংশ। কিন্তু সিএনজি চালিত অন্যান্য যানবাহনের আমদানি শুল্ক ২৫ শতাংশ বা তার চেয়ে বেশি।