কিছু জেলায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে: হ্যারি কে. টমাস
মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. টমাস বৃহস্পতিবার বলেছেন বাংলাদেশের কিছু কিছু জেলায় মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণ তাদের অভিভাবকরা তাদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
সংবাদপত্রের প্রতিবেদনের কথা উল্লেখ তিনি বলেন মেয়েদেরকে উত্যক্ত করা অথবা যৌন হয়রানির বিষয় মেয়েদের জীবনকে বিষিয়ে তুলে। যারা মেয়েদের উত্যক্ত করার এই ঘৃণ্য কাজে লিপ্ত হয়, তাদের কোন বিচার হয় না। ফলে তাদের নির্যাতনের মাত্রা সহ্যের সীমা অতিক্রম করে যায়। স্কুলে যাওয়ার পরিবর্তে মেয়েদেরকে বিয়ে দেয়া হয়। তাদের এবং তাদের সন্তানের স্বাস্থ্য এর ফলে বিপন্ন হয়। কিছু কিছু ক্ষেত্রে এই নির্যাতন ও হয়রানী এমন পর্যায়ে চলে যায় যে মেয়েরা ভাবে যে আত্মহত্যাই তাদের মুক্তির একমাত্র পথ।
আমেরিকান সেন্টারে বৃহস্পতিবার বিকেলে ‘আমেরিকান থার্স ডে’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার গুরুত্ব সম্পর্কে আয়োজিত এক অনুষ্ঠানে লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত হ্যারি কে. টমাসে এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই পরিস্থিতি অসহনীয় এবং তা মেনে নেওয়া যায় না। পুলিশ, শিক্ষক, এবং স্থানীয় নেতৃবৃন্দকে এই নির্যাতনের বিরূদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পারিবারিক সহিংসতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই ধরণের আচরণ সামাজিক রীতিনীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটা একটা ফৌজদারী অপরাধ। একটি মেয়েকে উত্যক্ত করা বা তাকে হুমকি প্রদান করা কোন পৌরুষদীপ্ত কৃতিত্ব নয়। মেয়েদের নির্যাতনের বিষয়টি চোখ বুঁজে সহ্য করা গ্রহণযোগ্য নয় অথবা “ছেলেরা এই রকমই হয়” বলে মেয়ে নির্যাতনকে কখনই এড়িয়ে যাওয়া যাবে না।
রাষ্ট্রদূত হ্যারি বলেন, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিটি শিশুরই শিক্ষার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রে এটা এতই দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে, যেসব পিতামাতা তাদের সন্তাানদেরকে স্কুলে পাঠান না, তারা কারাগারে যেতে পারেন। প্রায় একশ’ বছর যাবত যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শিক্ষা বাধ্যতামূলক।
তিনি বলেন শিক্ষা কেবলমাত্র একটি মহান প্রচেষ্টাই নয়, আমেরিকানরা বিশ্বাস করে যে বিদ্যালয়গুলো হচ্ছে সমতাবিধানকারী এক মহান প্রতিষ্ঠান যেগুলোর মাধ্যমে সকল শিশুকে সমান অধিকার প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রে স্কুলগুলো ইতিবাচক সামাজিক পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন ’অনেক সময় দারিদ্র, সংখ্যালঘুর মর্যাদা অথবা লিঙ্গ বৈষম্য শিশুদের জন্য প্রচন্ড বাধা হয়ে দাঁড়ায়। আমি অত্যন্ত খুশি যে বর্তমানে বাংলাদেশে অধিক সংখ্যক বালিকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। তবে লক্ষ লক্ষ মেয়ে এখনও শিক্ষা থেকে বঞ্চিত যেটা তাদের স্বাস্থ্য এবং তারুণ্যকে কেড়ে নিচ্ছে। এই কমসুবিধাভোগী মেয়েদেরকে প্রায়ই প্রাথমিক স্তরে তাদের শিক্ষা বন্ধ করে দিতে হয়। এই ধরণের একটি বিষময় পরিস্থিতিতে যদি মেয়ে, দরিদ্র, এবং সংখ্যালঘুদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে বাংলাদেশ কেবল দূর্বলই হয়ে পড়বে।
তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) “সিসিমপুর” নামে একটি টেলিভিশন সিরিয়াল শুরু করেছে। ইউএসএআইডি “সাকসিড” নামে একটি কর্মসূচীও চালু করছে যার মাধ্যমে শিশুরা দীর্ঘদিন স্কুলে থাকার অভ্যাস গড়ে তুলতে পারবে। যে সব শিশু “সাকসিড” কর্মসূচীতে অংশগ্রহণ করবে তারাই হবে বাংলাদেশের ভবিষ্যত নেতা।
হ্যারি কে. টমাস বলেন, আমরা মাদ্রাসা ছাত্রদের ইংরেজী ভাষা শিক্ষার বিষয়টিও চালু করেছি। আগামী শরৎকালে ১৮ জন বাংলাদেশী ছাত্র যুক্তরাষ্ট্রে হাই স্কুলগুলোতে পড়তে যাবে। আমরা শিক্ষা বিনিময় কর্মসূচী চালু করেছি কারণ শিক্ষার বিকাশ ঘটানোর মাঝেই যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ স্বার্থ রয়েছে।
