আরিচায় লঞ্চডুবি: উদ্ধার অভিযান চলছে, ৮ মৃতদেহ উদ্ধার
মঙ্গলবারের ঝড়ে প্রায় ২০০ জনের বেশি যাত্রী নিয়ে আরিচায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার কাজ প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে।
উদ্ধারকারি জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছলেও স্রোতের তীব্রতার কারণে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাজ শুরু করতে পারেনি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তবে স্থানীয় লোকজন বৃহস্পতিবার আরও চারটি লাশ উদ্ধার করেছে। এতে মোট উদ্ধার করা লাশের সংখ্যা ৮ এ দাঁড়ালো।
ঘটনার পর থেকে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। মাত্র ২০/২৫ জন যাত্রী ঘটনার পর সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছিল।
কর্মকর্তারা জানান, এমভি রায়পুর নামে ওই লঞ্চটির ভেতরে অনেক লাশ আটকা পড়ে রয়েছে। তবে প্রবল স্রোতের কারণে তাদের বের করে আনা যাচ্ছে না।
যমুনা নদীর তীরে নিখোঁজ যাত্রীদের শত শত আত্মীয়-স্বজন অপেক্ষা করছে। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয় জনসাধারন ও পুলিশ জানায়, পাবনার নটাখোলা থেকে আরিচাগামী ওই লঞ্চটির ১২০ জন ধারণ ক্ষমতা হলেও এতে ২০০ যাত্রী ছিলো।
রোববার পটুয়াখালিতে লঞ্চডুবির পর এটি নৌ দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত: ৬০ জনের প্রাণহানি ঘটে।
