শেষ ইচ্ছে পূরণ হলোনা ‘চাচা’র
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তাঁর স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার বিয়ের পর মধুচন্দ্রিমা করেছিলেন চট্টগ্রামের তৎকালীন মহকুমা শহর কক্সবাজারে।
সে সময় জেলে অন্তরীণ বঙ্গবন্ধুর পরামর্শে তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা একেএম মোজাম্মেল হকের আন্তরিক আতিথিয়েতায় মুগ্ধ হয়েছিলেন নব দম্পতি।
মোজাম্মেল হকের আরেকটি ইচ্ছে ছিল। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রী ক্রিস্টিনা দম্পতির মধুচন্দ্রিমাও যেন কক্সবাজারে তার বাড়িতে হয়। আওয়ামী লীগ সভানেত্রীর কাছে তিনি তার এ ইচ্ছের কথা জানিয়েছিলেনও। কিন্তু গত বছর নভেম্বরে বাংলাদেশে আসা জয় ক্রিস্টিনার আর সেসময় কক্সবাজার আসা হয়নি। পূরণ হয়নি মোজাম্মেল হকের সেই ইচ্ছে।
অপূর্ণ ইচ্ছে নিয়েই গত ১০ মে পরপারে চলে গেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ একেএম মোজাম্মেল হক।
জাতীয় সংসদে বিরোধী দলী নেতা শেখ হাসিনা মঙ্গলবার কক্সবাজার পৌঁছেই প্রিয় চাচার কবর জিয়ারত করেন। নতুন বাজারস্থ কবরস্থানে পৌঁছলে প্রয়াত মোজাম্মেল হকের পুত্র রাশেদ, সোহেল, মার্শাল, জুয়েল ও একমাত্র কন্যা লুনা প্রিয় নেত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শেখ হাসিনা মরহুমের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
বিকেলে শেখ হাসিনা কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে মোজাম্মেল হক স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন। শোকসভায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, আব্দুল মান্নান, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম এবং গনফোরাম কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
