স্পিকারের রুলিংয়ের কড়া সমালোচনা করেছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ
বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ তাদের চলমান আন্দোলনের বিষয়ে সংসদে স্পিকারের রুলিংয়ের তীব্র নিন্দা জানিয়েছেন।
অ্যাডভোকেট খোরশেদ আলম হত্যার পর সুিপ্রম কোর্ট বার এসোসিয়েশনের এক জরুরী প্রতিবাদ সভায় স্পিকারের সোমবারের রুলিংয়ের তীব্র নিন্দা জানিয়ে ব্যারিস্টার রোকনউদ্দিন বলেন,“ স্পিকারের রুলিং আইনজীবীদের কাছে এসে পৌঁছালে তারা তা ঘৃনাভরে প্রত্যাখ্যান করবে”।
সোমবার স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, আইনজীবিদের চলমান আন্দোলন সংবিধান পরিপন্থী। তিনি বলেন, যারা এ ধরনের আন্দোলন করছে প্রধান বিচারপতি আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
সুপ্রিম কোর্টের সাবেক সহসভাপতি রোকনউদ্দিন বলেন, মওদুদ যিনি আশির দশকেও স্বৈরশাসকের একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি বর্তমান সরকারেরও একজন নতুন স্বৈর শাষক হিসেবে আবির্ভুত হয়েছেন।
আইনজীবীদের চলমান আন্দোলনকে ন্যায়সঙ্গত উল্লেখ করে রোকনউদ্দিন মাহমুদ বলেন, তারা কেবল বিতর্কিত আইনজীবিদের বিরুদ্ধেই আন্দোলন করছেন। তিনি বলেন, সরকারের তোষামুদে হিসেবে যারা বিচারক হচ্ছে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেয়া হবে।
