ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ১ নিহত, আহত ৫
সদর উপজেলার মুকুন্দপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মঙ্গলবার সকাল সাতটায় ১ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মুকুন্দপুর এলাকার জনৈক শাহাদাৎ মিয়ার বাঁশঝাড়ের একটি বাঁশগাছ ঝড়ের কারণে উছন মিয়ার ঘরের চালে ভেঙ্গে পড়লে উছন মিয়া উত্তেজিত হয়ে শাহাদাতের পরিবারের ওপর হামলা চালায়। তার এলোপাথারী বল্লম ও ধারালো দা’র কোপে শাহাদাত মিয়া (২২), তার ভাই আবদুর রহমান (৪০), আবদুল মান্নান (৩৫), আবদুল মালেক (৩২), বোন সায়েরা খাতুন (২০) ও মা খোদেজা বানু (৫৫) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদের ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে শাহাদাতের মৃত্যু ঘটে।
এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।
