ঢাকা মহানগরীর বর্জ্য অপসারণে মহাপরিকল্পনা নেয়া হয়েছে: সংসদে এলজিআরডি মন্ত্রী
ঢাকা মহানগরীর বর্জ্য অপসারণে জাপান সরকারের অর্থায়নে সরকার একটি মহাপরিকল্পনা নিয়েছে। এটি ‘ঢাকা মহানগরী বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা’ নামে পরিচিত হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সোমবার সংসদে সাংসদ মঞ্জুর কাদেরের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী আরও বলেন, দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে গুরুত্বপূর্ণ গ্যাস, বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্যই এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় ঢাকার মাতুয়াইল ছাড়াও তিনটি বর্জ্য ডাম্পিং সেন্টার স্থাপন করা হবে। মিরপুর, গুলশান ও পুরোনো ঢাকায় আধুনিক এই ডাম্পিং সেন্টার স্থাপন করা হবে।
আবু সাঈদ মোহাম্মদ সাদাত হোসাইনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে ৩৬ কোটি টাকা ব্যয় হবে এবং এর অর্থায়ন করবে জাপান সরকার।
