সার্ক সম্মেলনের তারিখ নির্ধারণে পাকিস্তানের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা’র (সার্ক) ত্রয়োদশ সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ বিষয়ে স্বাগতিক বাংলাদেশ সার্কের বর্তমান সভাপতি পাকিস্তানের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সার্ক সম্মেলন অনুষ্ঠানের জন্য প্রস্তুত। তবে তারিখ বিষয়ে পাকিস্তান কী বলে তার অপেক্ষা করছি।
সম্মেলনের তারিখ নির্ধারণ করতে পাকিস্তান অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে আলোচনা করছে বলে জানান পররাষ্ট্র সচিব।
বাংলাদেশ চাইছে নভেম্বরের ১২-১৩ তারিখে সার্ক সম্মেলন করতে, যা ইতোমধ্যে বিভিন্ন সদস্য রাষ্ট্রকে জানানো হয়েছে।
এর আগে সার্ক সম্মেলনের তারিখ দু বার পরিবর্তন করা হয়। ডিসেম্বরের ২৬ তারিখে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ সার্কভুক্ত ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপে সুনামির আঘাতে প্রবল ক্ষয়ক্ষতি হওয়ায় জানুয়ারি ৯ -১১ তারিখে অনুষ্ঠেয় সম্মেলন পিছিয়ে যায় এবং ফেব্রুয়ারির ৬-৭ তারিখে নির্ধারণ করা হয়।
তবে পরবর্তীকালে ঢাকায় সম্মেলন অনৃষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ‘ঢাকা যথেষ্ট নিরাপদ নয়’ এবং ‘নেপালে রাজনৈতিক পট পরিবর্তনের’ কারণ দেখিয়ে ভারত যোগ দিতে অনীহা প্রকাশ করলে সম্মেলন স্থগিত হয়ে যায়।
