২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে দুর্ঘটনায় নিহত ৫, উত্তেজিত জনতার রাস্তা অবরোধ

রাজধানীতে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ পাঁচজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা নগর গর্ভমেন্ট হাই স্কুলের একটি মাইক্রো বাসের ধাক্কায় এক ছাত্র মারাত্মক আহত হয়।

এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখে এবং মাইক্রো বাসটি আটক করে ভাংচুর চালায়।

আহত স্কুল ছাত্রের নাম নাহিদ হাসান (৮)। সে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে মিরপুরের ২৩০, শেওড়া পাড়ার বাসিন্দা মোমিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় মাইক্রো বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

মাইক্রোবাসের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাফিক সিগন্যালে তাকে আটকানো হয়।

দুর্ঘটনার পর স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও পথচারিরা রাস্তায় নেমে এসে অবরোধ সৃষ্টি করে।

এরপর থেকে ওই এলাকায় তিন ঘন্টার জন্য বাস চলাচল বন্ধ ছিল।

আহত নাহিদকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে রোববার সকালে নগরীর জোয়ার সাহারায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ জনেরও বেশি লোক আহত হয়।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ১২ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে অপর সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চালকের নাম জালাল মিয়া (২৮) এবং যাত্রী আলাউদ্দিন (২৫)। অন্য দু’ যাত্রীর পরিচয় উদ্ধার করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা ওই বাসের যাত্রী ছিলেন।

আহতদের যাত্রীরা হলেন, সোহরাব হোসেন (২৮), জিন্নাতন্নেসা (৫৫), সাইফুল ইসলাম (২৮), শফিকুল ইসলাম (২৫), মেহেদী হাসান (২৪), জাহাঙ্গীর হোসেন (৩০), বাবুল মিয়া (২৫), অমল দাস (২৭), আবুল হাশেম (১৫), মনিরুল ইসলাম (২৮), আকরাম হোসেন (২৫) এবং শেফালি বেগম (২৮)।

পুলিশ জানায় ভোর সোয়া পাঁচটায় খিলক্ষেত পুলিশ ফাড়ির কাছে জোয়ার সাহারায় এ দুর্ঘটনা ঘটে।

বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে ট্রাক চালককে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে ডেমরা থানাধীন শনির আখড়ার পুনম সিনেমা হলের সামনে রোববার সকালে একটি কাভার্ড ভ্যান পুলিশের একটি ভ্যানকে ধাক্কা দিলে একজন আনসার সদস্য নিহত ও অপর তিন পুলিশ সদস্য আহত হয়।

নিহত আনসার সদস্যের নাম আবুল কালাম।

আহত পুলিশ সদস্যরা হল, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম এবং মমিন মিয়া।

পুলিশ জানায়, ভোর চারটা ৪০ মিনিটে দ্রুতগামী কাভার্ড ভ্যানটি পুলিশ ভ্যানে ধাক্কা দিলে তারা চারজন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আনসার সদস্য আবুল কালামের মৃত্যু হয়।

এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।