২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ ইনফরমেশন সুপার হাইওয়েতে সংযুক্ত হবে

সাবমেরিন অপটিক ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ গ্লোবাল ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযুক্ত হবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, একটেল আয়োজিত ‘স্কলারশিপ এওয়ার্ড-২০০৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাবমেরিন কেবল স্থাপিত হলে আইটি এবং আইসিটি নির্ভর শিল্পের বিকাশ দ্রুত হবে। অন্য অনেক সুবিধার মধ্যে চাকরির সুযোগ যেমন বাড়বে, তেমনি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এছাড়া দেশে কল সেন্টার স্থাপিত হবে, টেলিমেডিসিন-এর প্রসার ঘটবে, ডিসটেন্ট লার্নিং সেন্টার স্থাপিত হবে এবং ভিডিও কনফারেন্সিং ও হেল্পডেস্ক প্রতিষ্ঠা লাভ করবে। ফলে দ্রুত প্রযুক্তির বিকাশ ঘটবে এবং সফটওয়্যার রপ্তানির সুযোগ বাড়বে।

তিনি একটেল বৃত্তি প্রদান কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ দেশে উচ্চ কারিগরি দক্ষতা সম্পন্ন জনবল গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান এবং মালয়েশিয়ার হাইকমিশনার আশারে বিন সানি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একটেলের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকও উপস্থিত ছিলেন।