২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের মদদদানকারী ব্যবসায়ীদের তালিকা তৈরি করছে র‌্যাব

সন্ত্রাসীদের মদদ দেয় এমন গডফাদার ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 05:32 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

নাম প্রকাশ না করার শর্তে র‌্যাব সূত্র জানায়, অনুসন্ধানে তারা এমন অনেক ব্যবসায়ীর নাম পেয়েছেন যাদের নামে কোন মামলা মোকদ্দমা নেই। অথচ তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে নিজ স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন ধরণের অপরাধে সন্ত্রাসীদের মদদ দেয়। এমন রাঘব বোয়াল ব্যবসায়ীদের নামই র‌্যাব’র নতুন তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে।

সূত্র জানায়, র‌্যাবের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো এসব ব্যবসায়ী-গডফাদারদের তালিকা যাচাই-বাছাই করে নথিভুক্ত করার কাজ চলছে।

সূত্র আরও জানায়, র‌্যাব গোয়েন্দা ইউনিট ও সাতটি ব্যাটেলিয়নের গোয়েন্দা দল বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন সময়ে প্রকাশিত রিপোর্ট এবং জনগনের অভিযোগের ভিত্তিতে নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমে সন্ত্রাসে মদদদানকারী ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। র‌্যাবের হাতে ‘ক্রসফায়ার’-এ নিহত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের উদাহরণ টেনে র‌্যাব সূত্র দাবি করে, নিহত হওয়ার আগে হান্নান তার গডফাদার হিসেবে অন্যান্যদের সাথে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর নামও প্রকাশ করেছিল।

সূত্র দাবি করে, শুধু পিচ্চি হান্নানই নয়, বিভিন্ন সময়ে র‌্যাবের সাথে ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার আগে জবানবন্দিতে অনেক সন্ত্রাসীই তাদের গডফাদারদের তালিকায় উল্লেখ করে অনেক শীর্ষ ব্যবসায়ীদের নাম। সূত্র উল্লেখ করে, “এসব ব্যবসায়ী-গডফাদাররা ভদ্রবেশে সমাজে বিভিন্ন ধরণের সন্ত্রাসীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময় মদদ দেয়”।

সূত্র জানায়, র‌্যাব গোয়েন্দা ইউনিট এসব ভদ্রবেশী গডফাদার ব্যবসায়ীদের অর্থনৈতিক রেকর্ড, রাজনৈতিক যোগাযোগ এবং তাদের সহযোগীদের তালিকা প্রস্তুত করছে।

কিন্তু কতজন গডফাদার ব্যবসায়ী এসব ‘লাল-তালিকায়’ অন্তর্ভূক্ত হয়েছে তার সংখ্যা জানাতে র‌্যাব সূত্র অস্বীকৃতি জানায়।

গত বছরের ২৬ মার্চ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর এ পর্যন্ত র‌্যাবের হাতে দেশব্যাপী প্রায় এক হাজার সন্ত্রাসী ধরা পড়েছে।

ক্রসফায়ারে ওয়ার্ড কমিশনার ও ১০জন ভয়ঙ্কর সন্ত্রাসীসহ দেশব্যাপী নিহত হয়েছে ৯০ জনেরও বেশি সন্ত্রাসী।