২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ ও খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

মুন্সীগঞ্জ ও খুলনায় শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের হাসাড়া নামক স্থানে শনিবার সকাল ১০টায় ট্রাক উল্টে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এছাড়া খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, আলু ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-০১৭৮) ঢাকা যাওয়ার পথে একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের আরোহী আলমত আলী (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় চালক ও হেলপারসহ পাঁচজন। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি জানান, যশোর থেকে খুলনাগামী একটি ট্রাক শহরের নতুন রাস্তা মোড়ে একটি মটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মটর সাইকেল চালক সাভামুল ইসলাম ওরফে স্বপন মহরী গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে (কুষ্টিয়া ট-১১-০০৭৫) আটক করেছে।

এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।