২০ হাজার রোহিঙ্গা শরণার্থী কার্যত জিম্মি: রিফিউজিস ইন্টারন্যাশনাল
বাংলাদেশের কক্সবাজারের দুটি আশ্রয় শিবিরে বসবাসকারী প্রায় ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী কার্যত জিম্মি জীবন কাটাচ্ছে। ওয়াশিংটন থেকে প্রকাশিত শরণার্থীদের আন্তর্জাতিক পত্রিকা ‘আরআই বুলেটিনের’ মে মাসের সংখ্যায় এ অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ওপর তিন পৃষ্ঠার এক সরজমিন প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের (ইউএনএইচসিআর) আন্তরিক চেষ্টা সত্বেও বাংলাদেশ সরকারের সদিচ্ছা ও গাফিলতির কারণে কক্সবাজারের নোয়াপাড়া ও কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের কাটাতে হচ্ছে মানবেতর বন্দী জীবন।
এতে বলা হয়, আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসাসহ সব ধরণের মৌলিক তথা মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে। তাদের ওপর চলছে নানা ধরণের নির্যাতন ও হয়রানি। এছাড়া তাদের ইচ্ছার বিরুদ্ধে মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য শিবিরের নিরাপত্তা বাহিনী ও সরকারি লোকজন সব সময়ই চাপ প্রয়োগ করছে।
প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে গত বছরের ১৮ নভেম্বর ঘটে যাওয়া শরণার্থী হত্যার চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, আশ্রয় শিবিরের খাদ্য, পানি, পয়নিষ্ক‹াশনসহ নানা সমস্যা সমাধানের দাবিতে শরণার্থীরা জুন মাসে অনশন ধর্মঘট করে। পরে ওই দিন তারা এক সমাবেশে জড়ো হলে পুলিশ শরণার্থীদের ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে একজন শিশু কন্যাসহ নিহত হয় তিন জন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪২ জন শরনার্থীকে গ্রেপ্তার করলে তাদের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
এখনও ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি বলে রিফিউজিস ইন্টারন্যাশনাল এর ‘আরআই বুলেটিনে’ অভিযোগ করা হয়।
এতে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে সাত দফা সুপারিশ উত্থাপন করা হয়। এসব সুপরিশ হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের স্বদেশ প্রত্যাবাসন না করার বিষয়টি নিশ্চিত, শরণার্থীদের ওপর সব ধরণের অমানবিক হয়রানি ও নির্যাতন বন্ধ, তাদের খাদ্য ও পানিসহ সব ধরণের সামাজিক সেবামূলক খাত সুনিশ্চিত, শরণার্থীদের শিবিরের বাইরে বাধাহীন চলাফেরার স্বাধীনতা, আশ্রয় শিবিরে মাধ্যমিক ও কারিগরি শিক্ষা নিশ্চিত, ২০০৪ সালের ১৮ নভেম্বরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে ইউএনএইচসিআর’কে সব ধরণের সহায়তা দান করা।
মিয়ানমারের সামরিক নিপীড়ন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ১৯৯০-৯১ সালে কয়েক লাখ হতদরিদ্র মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা কক্সবাজারে এসে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। ইউএনএইচসিআর’র সহায়তায় এ পর্যন্ত দুই লাখ ৩০ হাজার শরনার্থীর মিয়ানমারে প্রত্যাবাসন সম্ভব হয়েছে।
