রাজবাড়ীতে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার
জেলার সদর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় বসন্তপুর ইউনিয়নের ধুলদি লক্ষ্মীপুর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক যুবতির লাশ উদ্ধার করেছে।
পুলিশ ধারনা করছে, তাকে শ্লীলতাহানীর পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করতে ময়না তদন্তের জন্য তার লাশ শনিবার রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর ধারণা, যুবতীটিকে বাইরের কোনও স্থান থেকে অসৎ উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এই নিয়ে গত ১০ দিনের ব্যবধানে রাজবাড়ী সদর থানায় দুইটি অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার করা হল।
রাজবাড়ীতে অজ্ঞাতনামা যুবতীদের এ ধরনের লাশ পাওয়া গেলেও পুলিশ এর সঠিক কোনও কারণ নির্ণয় করতে পারেনি, কাউকে গ্রেফতার করতেও সক্ষম হয়নি।
