অবিলম্বে সকল সাংবাদিক হত্যা মামলার চার্জশিট প্রদান করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামন বাবর অবিলম্বে সকল সাংবাদিক হত্যা মামলার চার্জশিট প্রদান করার জন্য তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী শনিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চাঞ্চল্যকর মামলাসমূহ দ্রুত নিস্পত্তি বিষয়ক মনিটরিং সেলের ৪৩ তম সভায় এই নির্দেশ দেন। সভায় মোট ১৩টি হত্যা মামলা আলোচিত হয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মামলাসমূহ হচ্ছে, খুলনার সাংবাদিক শেখ বেলাল ও হুমায়ুন কবির বালু, বনশ্রীর সায়েম রহমান মিথুন ও শরিফুল ইসলাম খান টিটু, কমলাপুরে খণ্ডিত মস্তকের শিশু, উত্তরায় স্কুল শিক্ষিকা শাহনাজ কবির লিলি, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম ও তার কন্যা, গৃহ পরিচারিকা বিলকিস বেগম, লালমাটিয়ায় মাসুদ মিল্কী ওরফে মিয়ম, পূর্ব তেজতুরী বাজারে ওবায়দুর রহমান, তাঁতীবাজারে ব্যবসায়ী মাধব সরকার ও ভূষণ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারি সচিব ইব্রাহিম কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস এবং খুলনার এন্ড্রু ওরফে গনসালভেস হত্যা মামলা।
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনার সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যা মামলার চার্জশিট প্রদান করায় সন্তোষ করেন। একই সঙ্গে তিনি সাংবাদিক হত্যা মামলাসহ সকল চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত শেষে চার্জশিট প্রদান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্থাপন সচিব, আইন সচিব, আইজিপি, অতিরিক্ত এটর্নি জেনারেল, এআইজিপি(সিআইডি) প্রমুখ উপস্থিত ছিলেন।
