ফুলতলায় ইউরেনিয়াম উত্তোলনের কাজ ধামাচাপা পড়ে গেছে
জেলার কুলাউড়ার ফুলতলা ও সাগরনালে প্রায় বিশ মাইল এলাকা জুড়ে ইউরেনিয়াম, গ্যাস ও তেলের বিশাল মজুদ থেকে এসব উত্তোলন তথা কূপ খনন দীর্ঘদিন যাবৎ রহস্যজনকভাবে চাপা পড়ে আছে।
জেলা সদর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তঘেঁষা সাগরনাল ও ফুলতলার হাড়ারগজ পাহাড়ের মধ্যখানে ১৯৭৭ সালে ইউরেনিয়াম, গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়।
১৯৮০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুলতলার ইউরেনিয়াম সমৃদ্ধ এলাকাটি পরিদর্শন করেন।
১৯৮২ সালে আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ইউনুছ ফুলতলা থেকে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার নমুনা নিয়ে জাপান যান এবং সেখানে একটি ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষার পর ইউরেনিয়াম সম্পর্কে নিশ্চিত হন এবং পরে তা সরকারিভাবে প্রকাশ করা হয়।
ইউরোনিয়ামের সাধারণ রং হচ্ছে কালো, কিন্তু ফুলতলায় প্রাপ্ত ইউরোনিয়ামের রং অনেকটা পীচের মত এবং তা উচ্চক্ষমতা সম্পন্ন।
পরে ১৯৮৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের ছয় সদস্যবিশিষ্ট একটি দল উল্লিখিত হাড়ারগজ পাহাড়ের এক বিশাল অংশে ব্যাপকভাবে ভূমি জরিপ কাজ চালায়, এবং একটি বিদেশি কোম্পানীর সাথে চুক্তির মাধ্যমে কূপ খননের সিদ্ধান্ত নেয়।
১৯৮৫ সালে তৎকালীন সরকার বাংলাদেশের এ বিশাল গ্যাস, তেল ও ইউরেনিয়াম প্রাপ্তির সম্ভাবনাকে কেন্দ্র করে ঢাকায় একটি ভূ-রাসায়নিক ল্যাবরেটরী স্থাপনের উদ্যোগ নেয়। ল্যাবরেটরী স্থাপনের জন্য দুই হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরা হয়।
ফুলতলা এলাকায় বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। যদিও তাদের মতে, কোনও স্থানে এক হাজার টন ইউরেনিয়াম পাওয়া না গেলে বাণিজ্যিক ভিত্তিতে এর উত্তোলন সম্ভব নয়।
তারা আরও জানান, বাণিজ্যিক মূল্যের ভিত্তিতে পিপিএম ১ হাজার ভাগ হতে হবে। কিন্তু ফুলতলায় প্রাপ্ত ইউরেনিয়ামে ১১০০ ভাগ পিপিএম তেজস্ক্রিয়তার অস্তিত্ব পাওয়া গেছে। ইউরোনিয়াম, গ্যাস ও তেল উত্তোলনের ব্যাপারে অনেক বিশেষজ্ঞ দলই এসেছেন, কিন্তু ইউরেনিয়াম উত্তোলনের ব্যাপারে এ পর্যন্ত বাস্তবে কোনও পদক্ষেপ নেয়া হয়নি।
স্থানীয় অধিবাসীরা বিডিনিউজকে জানান, হাড়ারগজ পাহাড়ের মধ্যবর্তী স্থান পেট্রোলে ভাসলেও এ এলাকার কূপ খনন কাজ হঠাৎ করেই রহস্যজনকভাবে চাপা পড়ে গেছে।
