২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডির শিকার শ্রমিকদের স্বজনরা অনিশ্চয়তায়

বেতন ও ওভারটাইম ভাতা না দিয়ে কারখানা কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ায় সাভারে নয়তলা গার্মেন্ট ভবন ধসে নিহত ও আহত শ্রমিকদের পরিবারগুলো চরম অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) টিম পরিচালিত গবেষণায় দেখা যায়, বিধ্বস্ত স্পেকট্রাম সোয়েটার ইণ্ডাষ্ট্রিজ’র লিমিটেডের শ্রমিকদের কারো একমাসের আবার কারো কারো ১০ দিনের বেতন অপরিশোধিত রযেছে এবং প্রায় সকলেরই দুই মাসের ওভারটাইম ভাতা বাকি।

তবে সরেজমিন তদন্তকালে ঘটনাস্থলে কারখানার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি সম্পর্কে তাদের অজ্ঞতা প্রকাশ করেন।

বিলসের ওই টিম সাভারের পলাশবাড়ি ও আশেপাশের এলাকায় বসবাসরত নিহত ও আহত শ্রমিকদের আত্মীয় স্বজনের মধ্যে গবেষণাটি পরিচালনা করে।

স্পেকট্রামে সাত বছর ধরে কর্মরত স্বামী মনিরুল ইসলামকে (৩২) হারিয়ে রেখা (২৫) চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিনপাত করছেন।

তিনি বলেন, আমরা অর্ধহারে ও অনাহারে দিন কাটাচ্ছি। তবে, আমার স্বামীর বেতন, ওভার টাইম ভাতা, ডিপোজিটের টাকা এবং বহুল আলোচিত ক্ষতিপূরণ পাওয়ার অপেক্ষা করছি।

ভবন বিধ্বস্তে নিহত শ্রমিক রতনের (২০) ভাই রোকন জানায়,  ভাইয়ের ২০ দিনের অপরিশোধিত বেতন ও দুই মাসের ওভার টাইম পাওয়ার জন্য আমর সংগ্রাম করে যাচ্ছি।

শাহীন নামে নিহত শ্রমিকের বোন কোহিনূর বেগম জানায়, ভাইয়ের লাশ বহনের খরচ হিসেবে তারা মাত্র চার হাজার টাকা পেয়েছে, তারপর এখন পর্যন্ত কেউ আর তাদের সাথে যোগাযোগ করে নি। শাহীনের ১০ দিনের বেতন ও দুই মাসের ওভার টাইম ভাতা পাওনা রয়েছে।

 সাভারের পলাশবাড়িতে বসবাসরত একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিরাপত্তা রক্ষী লিয়াকত জানায়,  তার ভাই আকিদুল ইসলামের লাশ গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারিতে নিয়ে যাওয়ার জন্য বিজিএমইএ তাদের ২ হাজার টাকা দেয়। কিন্তু তার লাশ দাফন করতে আমাদের সাড়ে তিন হাজার টাকারও বেশী খরচ হয়েছে।

তারা আদৌ অপরিশোধিত বেতন ও ওভারটাইম ভাতা পাবে কিনা তা নিয়ে গবেষণা দলের কাছে নিহত ও আহত শ্রমিকদের আত্মীয় স্বজনরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

দুর্ঘটনায় স্বামী হারানো রেখা জানান, আমর স্বামীর পাওনা বেতন ও ওভারটাইম বিল পাওয়ার ব্যাপারে কোনও সংকেত দেখা যাচ্ছে না। কারখানার নিরাপত্তা রক্ষীদের এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা কিছু বলতে পারে না।

বিষযটিকে সত্য হিসেবে স্বীকার করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মহাসচিব আমিরুল হক আমিন বলেন, গণমাধ্যমগুলোতে এবিষযটি তুলে ধরতে শিগগির ঢাকায় একটি কর্মসূচির আয়োজন করা হবে।