২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’তে এক ছাত্রের ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রের ভর্তি নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, বিভাগীয় সভাপতি ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতির সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমির হোসেন, তার এক আত্মীয় চৌধুরী নাজমুল আলমকে ২০০৪-০৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য তৃতীয় শিফটের পরিবর্তে প্রথম শিফটে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় এবং পরীক্ষার আসন বিন্যাস অনুযায়ী কলা ভবনের পরিবর্তে সে সমাজ বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার হলে তিনজন পরিদর্শক থাকলেও কৌশলে অধ্যাপক আমির হোসেন তার আত্মীয়ের খাতায় স্বাক্ষর করেন। ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সে ১১তম স্থান অধিকার করে চলতি শিক্ষা বর্ষে ক্লাস শুরু করে।

ব্যাপারটি জানাজানি হলে, শিক্ষকরা খাতা মূল্যায়ন করে কোনও ভুল না পেলেও এক ঘণ্টায় সব প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে তাদের মধ্যে সন্দেহ জাগে। বিষয়টি নিয়ে অর্থনীতি বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে।

অর্থনীতি বিভাগের অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মো. আমির হোসেনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে খাতায় স্বাক্ষরের কথা তিনি স্বীকার করেছেন।

আগামী সোমবার তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করবে বলে জানা গেছে।