২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি

জেলার বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিগত বছরের তুলনায় এবছর খুন, ডাকাতি, মারামারি, হামলা-ভাঙচুর, চোরাচালান, মাদক দ্রব্য বেচা-কেনা ও সেবন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এলাকাবাসী জানায়, গত ১৬ এপ্রিল রাতে সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের কাজী বাড়িতে নৃশংসভাবে খুন হন সেনাবাহিনীর সাবেক সদস্য ও জাতীয় কৃতি সাঁতারু তকবির হোসেন কাজী (৪৫)। এ ঘটনার পর থানায় হত্যা মামলা দায়ের করা হলেও হত্যাকারীরা এখনও পুলিশি ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। গত ২৪ মার্চ হাইমচর উপজেলার ঈশানবালা তিরাশীকান্দি গ্রামে খুন হন বাক প্রতিবন্ধী গৃহবধূ ফরিদা বেগম (২৯)। এ হত্যাকাণ্ডের আসামিরা এখনও ধরা পড়েনি।

১৯ মার্চ ফরিদগঞ্জ টোরামুন্সিরহাট গ্রামে শ্বাসরুদ্ধ করে স্বামী দেলোয়ার হোসেন নিজের স্ত্রী হাসিনা বেগম (৬০)কে হত্যা করে। গত ৮ থেকে ১৮ এপ্রিল এই ১০ দিনের ব্যবধানে ফরিদগঞ্জের ৩টি বড় বাজারে এবং সাহেবগঞ্জ পল্লীতে ৪টি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া গত ১২ এপ্রিল হাজিগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামে, ১০ এপ্রিল মতলব উত্তর উপজেলার বাগান বাড়িতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সম্প্রতি চাঁদপুর শহরের জামতলা ও পুরাণবাজারে দোকান-বসতঘরে হামলার ঘটনাও ঘটছে। হাইমচরে ফসল কাটা নিয়ে মিয়ারচরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ৩৫ জন আহত হয়।

এছাড়া জেলা শহর থেকে নদী পথে মায়ানমারে সার পাচার ও জমজমাট মাদক ব্যবসা চলছে। এসব সার পাচার ও মাদক ব্যবসার সাথে স্থানীয় রাজনীতিবিদ ও পুলিশ প্রশাসনের বেশ কিছুসংখ্যক লোক জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছে।