তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির আওতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আশাবাদী মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রচলিত তত্ত্ববধায়ক সরকার পদ্ধতির প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলেছেন, বর্তমান পদ্ধতি তিনটি নির্বাচন অনুষ্ঠান সফল হয়েছে এবং এ পদ্ধতির আওতায় আগামী সাধারণ নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে বলে আমি আশাবাদী।
ওয়াশিংটনের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ সংস্থা হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক প্যানেল আলোচনায় বুধবার বক্তব্য রাখতে গিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, প্যানেল আলোচনায় তিনি বাংলাদেশের পল্লী এলাকায় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন জোরদারে তৃণমূল পর্যায়ে এনজিওর ভূমিকার প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মুবিন চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ওই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আলোচনার সমন্বয়কারী ছিলেন হেরিটেজ এশিয়া স্টাডিজ বিষয়ক পলিসি বিশ্লেষক ডানা ডিলন।
এছাড়াও হ্যারি’র আলোচনায় ক্রমবর্ধমান জনসংখ্যা, বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থানের অভাব, অর্থনৈতিক সংকট, সামাজিক অসমতার বিষয়গুলো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে ফুটে ওঠে।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির প্রশংসা করে মার্কিন রাস্ট্রদূত বলেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন কার্যকর সুশাসনের মাধ্যমে দেশটির অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন তিনি।
