২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসেফকে বিদায় জানালেন বেলামি

ইউনিসেফ’র হয়ে দীর্ঘ দশ বছরের কর্মময় জীবনের ইতি টানলেন সংস্থাটির নিবার্হী পরিচালক ক্যারল বেলামি। বিশ্বজুড়ে শিশুদের জীবন রক্ষাই নয়, শিশু শ্রম, শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রচারণা এবং শিশুদের ভালোভাবে বেড়ে ওঠা নিয়ে কাজ করে যাওয়া ক্যারল চলতি সপ্তাহেই তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বুধবার বেলামি নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক হিসেবে শেষ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ইউনিসেফের নেতৃত্বের একটা আলাদা সম্মান ও অগ্রাধিকার ছিল।

তিনি আরও বলেন, আমি মনে করি না যে শিশুদের নিয়ে কাজ করার চেয়ে মানবতার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ আর কোনও কাজ আছে। নিজের দায়িত্বকে বিশ্বের শ্রেষ্ঠ চাকরি হিসেবে আখ্যায়িত করেন বেলামি।

প্রেসব্রিফিংয়ে বেলামি বলেন, বিগত দশ বছরে সারা বিশ্বে শিশু মৃত্যু ১৬ শতাংশে নেমে এসেছে এবং সাব-সাহারান আফ্রিকা বাদে এ হার দাঁড়াবে ৩৪ শতাংশে।

বেলামি জানান, বিশ্বের এক বিলিয়নের বেশি শিশু শৈশবেই এইচআইভি/এইডস, দারিদ্র্য ও বিবাদের শিকার হয়।

বেলামির পর ইউনিসেফের নিবার্হী পরিচালকের দায়িত্বে আসছেন অ্যান এম ভিনিম্যান। আগামী সপ্তাহ থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে ভিনিম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ছিলেন।

ইউনিসেফ থেকে অবসর নেওয়ার পর বেলামি একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সংস্থার সিইও ও প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।