নিজ সীমান্তের মধ্যেও গ্রামবাসীদের নির্যাতন চালায় বিএসএফ: আলাদা বাহিনী চাইছে প.বঙ্গ
বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের চার জেলায় বিএসএফ বা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রায়শই স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা করছে বলে কেন্দ্রীয় ভারত সরকারের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্য সরকার।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগে পশ্চিম বঙ্গের মুখ্যসচিব অশোক গুপ্ত জানান, মূলত টাকা আদায়ের জন্য এবং ভাষাগত সমস্যার কারণে বিএসএফ অহেতুক নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালানোর পাশাপাশি মহিলাদের ওপরও নির্যাতন করছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিয়ে সীমান্ত অঞ্চলে ষ্টেট বর্ডার ফোর্স গঠনের জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার।
কলকাতার রাজ্য সচিবালয় বা রাইটার্স বিল্ডিং-এ বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব অশোক গুপ্ত, স্বরাষ্ট্র সচিব অমিত কিরণ দেব, রাজ্য পুলিশের এডিজিআইবি, আইজি দক্ষিণবঙ্গ ও উত্তর পরগণা, নদীয়া, মালদহ এবং জলপাইগুড়ির জেলা পুলিশ সুপারদের নিয়ে যে বৈঠক করেছেন তাতেই এসব বক্তব্য ওঠে এসেছে। বলা হচ্ছে, বাংলাদেশ এবং ভুটান সীমান্তে লাগোয়া গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ’র সদস্যরা নানা বিষয়ে প্রায়ই ঝামেলা বাধছে।
সভায় বক্তারা বলেছেন, বিএসএফ এখন রাজ্য প্রশাসনের অন্যতম মাথা ব্যাথার কারণ। অনেক সময় গ্রামবাসীদের কথা ও ভাষা বিএসএফ বোঝে না। আবার বেশিরভাগ অবাঙালী বিএসএফ’র ভাষা গ্রামবাসীরা বুঝতে পারে না। ফলে অনেক সময় তুচ্ছ কারণেই অনেক বড় ঘটনার সৃষ্টি হচ্ছে।
এ সমস্যা মেটাতে রাজ্য সরকারের প্রস্তাব এবং দাবি হলো ষ্টেট বর্ডার টাস্ক ফোর্স গঠন করতে হবে, যেখানে সদস্য নিয়োগ হবে এ রাজ্য থেকেই। টাস্কফোর্সের কাজ হবে বিএসএফ ও গ্রামবাসীদের মধ্যে লিয়াজো বা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করা।
স্বরাষ্ট্রসচিব অমিত কিরণ দেব জানান, পূর্বের এনডিএ সরকারের আমলেও এ দাবি উত্থাপিত হয়েছিল্ কিন্তু অঞ্জাত কারণে তা বাস্তবায়িত হয়নি। কিন্তু সমস্যা বাড়তে থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠকের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন করে দাবি জানানো হয়।
