ক্যাবল অপারেটরদের ধর্মঘটে স্যাটেলাইট চ্যানেলগুলোর আর্থিক ক্ষতি
ক্যাবল অপারেটরদের ডাকা ২৪ ঘন্টা ধর্মঘটে শুধু দর্শকরাই বঞ্চিত হননি, দেশের তিনটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলও বিজ্ঞাপন খাত থেকে আর্থিক ক্ষতির শিকার হয়েছে।
যাদের নিজস্ব রিসিভার রয়েছে তারা ছাড়া দেশের বাকি দর্শকরা ২৪ ঘন্টা এনটিভি, চ্যানেল আই এবং এটিএন বাংলার কোনও অনুষ্ঠান দেখতে পারেননি।
ওই চ্যানেলগুলোর কর্মকর্তারা বলেছেন, তারা স্বাভাবিকভাবেই অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার করেছেন, যাতে অন্তত বিদেশের দর্শকরা এবং যাদের নিজস্ব রিসিভার রয়েছে তারা ওই অনুষ্ঠানমালা দেখতে পারেন।
তবে,ধর্মঘটের ফলে আর্থিক ক্ষতির ব্যাপারটি তারা স্বীকার করেছেন কিন্তু ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাবল অপারেশন বন্ধ থাকায় ওই সময়ের বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠিত বিজ্ঞাপনদাতারা দেশের তিনটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের কাছে ক্ষতিপূরণ চেয়েছে।
স্যাটেলাইট চ্যানেল সূত্র জানায়, প্রতিটি চ্যানেল প্রতিদিন প্রায় ১৫ লাখ টাকার বাণিজ্যিক অনুষ্ঠান প্রচার করে।
এনটিভি’র একজন মার্কেটিং এক্সিকিউটিভ জানান, তারা ক্ষতি পুষিয়ে নিতে বিজ্ঞাপনদাতাদের সাথে একটি সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।
চ্যানেল আই’র একজন মার্কেটিং এক্সিকিউটিভ জানান, তারা ক্ষতিপূরণ হিসেবে ১৭ মে ওই বাণিজ্যিক অনুষ্ঠানগুলো প্রচার করতে পারেন।
এটিএন বাংলা’র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) বিডিনিউজকে বলেন, তারা বিঞ্জাপনগুলো আবারও প্রচার করবেন।
রাজধানীর রামপুরায় সোমবার সন্ত্রাসীরা দু জন ক্যাবল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের ক্যাবল ব্যবসায়ীরা ২৪ ঘন্টা ধর্মঘট পালন করে।
ক্যাবল অপারেটর এসোসিয়েশন, বাংলাদেশ’র (কোয়াব) সভাপতি এসএম আনোয়ার পারভেজ টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষতি হওয়ায় দুঃখ প্রকাশ করেন।
তিনি বিডিনিউজকে বলেন, স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক ক্ষতির কারণে আমরা দুঃখিত। আমরা দর্শকদের কাছেও দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাদের দাবি আদায়ের জন্য এই ধর্মঘট ডাকতে আমরা বাধ্য হয়েছি।
