২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাদ আজাদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক আব্দুস সামাদ আজাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার ঢাকা ও সিলেটে শোকার্ত মানুষের ঢল নামে। পল্টন ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহ হেলিকপ্টার করে সিলেট পাঠানো হয়। সেখানে আবারো জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সুনামগঞ্জ শহর ও তার নিজ গ্রাম জগন্নাথপুরে একাধিক জানাজা শেষে লাশ আবার হেলিকপ্টারে ঢাকায় আনা হবে। বনানী গোরস্থানে চির সমাহিত করা হবে সামাদ আজাদকে।

সকাল ১১ টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত নামাজে জানাজায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে লাশ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। দলের কেন্দ্রীয় নেতারা জাতীয় ও দলীয় পতাকা দিয়ে কফিনটি আচ্ছাদিত করেন। হাজার হাজার শোকার্ত মানুষ কফিনে পুষ্পার্ঘ নিবেদন করেন। 

বর্ষিয়ান রাজনীতিক মিজানুর রহমান চৌধুরী, ড. কামাল হোসেন, আসম আব্দুর রব, মঞ্জুরুল আহসান খান, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, বিমল বিশ্বাস, সৈয়দ জাফর সাজ্জাদসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা তাদের প্রিয় এ নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

মরদেহ বৃহস্পতিবার সকাল ৮ টায় আইসিডিডিআরবি’র মরচুয়ারি থেকে  কলাবাগানের বাসায় নেওয়া হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ, সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মঈন খান, ব্যরিস্টার আমির উল ইসলাম, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী ও শফি সামি, সাবেক রাষ্ট্রদূত আরশাদুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের কুটনীতিকরা সামাদ আজাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বিদেশি কুটনীতিকদের মধ্যে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, কুটনৈতিক কোরের ডীন শাহতা জারাব, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুডিথ চাম্মাস, রাশিয়ান রাষ্ট্রদূত  ওলেগ এস. মালগিনভ প্রমুখ। তারা সাবেক পররাষ্ট্র মন্ত্রী সামাদ আজাদের মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেন। 

আওয়ামী লীগ প্রধান ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সকাল পৌনে ৯ টায় সামাদ আজাদের কলাবাগানের বাসভবনে যান। বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের বিশ্বস্ত সহকর্মী সামাদ আজাদের কফিনে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। কফিনের পাশে তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।  

বিডিনিউজের সিলেট প্রতিনিধি জানান, বেলা ২টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সামাদ আজাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদের ইমাম হাফিজ মওলানা আকবর আলী জানাজায় ইমামতি করেন।

এরআগে মরহুমের জ্যোষ্ঠপুত্র আজিজুস সামাদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, ইসলামী ঐক্য জোট, জাসদ, ওয়ারকার্স পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের জনতা অংশ নেন।

ঢাকা থেকে কফিনের সঙ্গে মরহুমের দুই পুত্র আজিজুস সামাদ ও আতিকুস সামাদ, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, দেওয়ান ফরিদ গাজী এমপি, সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ উপাধাক্ষ আব্দুস শহীদ প্রমুখ সিলেট আসেন।

আব্দুস সামাদ আজাদ বার্ধক্যজনিত রোগের কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। অবসান ঘটে এক দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের।