জনপ্রতিনিধিদের পাশ কাটিয়ে আমলানিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পিআরএসপি তৈরি করা হয়েছে : আলোচনা সভায় বক্তাদের মত
পিআরএসপি নিয়ে এক আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেছেন, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের পাশ কাটিয়ে আমলানিয়ন্ত্রিত প্রক্রিয়ায় দারিদ্র্য দূরীকরণ কৌশল পত্র (পিআরএসপি) তৈরি করা হয়েছে। বক্তারা আরও বলেন, এই পিআরএসপি জনগণের ভাগ্য উন্নয়নে কোন কাজে আসবে না।
বুধবার সিরডাব মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও পিপলস্ এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) যৌথভাবে “বাজারে আধিপত্য না শক্তিশালী কল্যাণমূলক রাষ্ট্র : পিআরএসপি, ভিন্নমত ও জন প্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক এমপি, জাতীয় পার্টির ড. টিএম ফজলে রাব্বী এমপি, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, ড. তোফায়েল আহমদসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। আলোচনা সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন শিশির শীল ও আবদুল আওয়াল। মন্ত্রী ছাড়া অন্যান্য বক্তারা সরকার ঘোষিত দারিদ্র দূরীকরণ কৌশল পত্রের আলোচনা কালে এর কঠোর সমালোচনা করেন।
গোলটেবিল বৈঠকে যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা বিরোধী দলের প্রতি দোষারোপ করে বলেন, সরকার জনগনের মঙ্গলের জন্য এ দারিদ্র দূরীকরণ কৌশল পত্র তৈরি করতে যাচ্ছে। কিন্তু বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতির কারণে এগুলো ব্যাহত হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্যে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে সব সময় মাঠ গরম করে রাখে। এর ফলে জনগনের দাবি বাস্তবায়নে বাধার সৃষ্টি হয়।
তিনি বলেন, আমরা যারা জনগনের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছি আমাদের উচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে গিয়ে জনগনের ভাগ্য উন্নয়নের কথা বলা এবং কাজ করা । তিনি কৌশল পত্র তৈরি করে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার আহ্বান জানান।
ব্যারিস্টার হুদা দেশের জন্য যারা ভাবে এই ধরনের সংগঠনকে তাদের চিন্তা ভাবনা এই কৌশল পত্র তৈরির কাজে লাগাতে আহব্বান জানান এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহয়তা করারও আশ্বাস দেন।
আবদুর রাজ্জাক বলেন, পঞ্চ বার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ এর নির্দেশে পিআরএসপি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদেও কোন মতামত নেয়া হয়নি। এই পিআরএসপি দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। শুধু আইএমএফ ও বিশ্বব্যাংককে খুশি করা যাবে।
