চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে চাচা-ভাতিজা খুন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জ ভাতিজার হাতে চাচা এবং বরিশালে চাচার হাতে ভাতিজা মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড় গ্রামে ভাতিজা রনজিতের রড়ের আঘোতে চাচা ধীরেন (৩৫) নিহত হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় মাসখানেক আগে রনজিত চাচা ধীরেনের কাছে পাওনা টাকা ও জমির দলিল চাইতে গেলে ধীরেণ তা দিতে অস্বীকৃতি জানায়। এতে উত্তেজিত হয়ে রনজিত রড় দিয়ে ধীরেণের মাথায় আঘাত করলে গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন চিকিৎসা খরচ না দিতে পারায় বাড়ি ফিরে আসলে গত সোমবার ভোরে ধীরেন নিজ বাড়িতে মারা যায়। এ ব্যাপারে নিহতের বড়ভাই লাল চান (৪০) শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ইয়াকুব আলী শিকদারের হাতে ভাতিজা নান্না শিকদার খুন হয়।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জমি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা নান্নাকে বেদম প্রহার করে। পরে আহত অবস্থায় নৌ-পথে শেরে বাংলা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানা পুলিশ চাচা ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে।
